নিউইয়র্কে ভবনধস: নিহত বেড়ে ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনতলা একটি আবাসিক ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিউইয়র্ক সিটির ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভবনটি ধসের পর উদ্ধার অভিযান চালাতে গিয়ে নতুন করে কয়েকজনের মরদেহ পাওয়া গেছে।
ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে প্রায় ২৫০ জন অগ্নিনির্বাপণকর্মী ও উদ্ধারকর্মী কাজ করছেন বলে জানিয়েছে সংস্থাটি।
কী কারণে হঠাৎ ভবনটি ধসে পড়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।
নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনোর উদ্ধার অভিযানকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ বলে বর্ণনা করেন। তিনি জানান, ধসে পড়া ভবন এবং পাশের নির্মাণস্থল—দুই জায়গায়ই মানুষ আটকা পড়েছিলেন।
বনসিগনোর বলেন, বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছানোর পর থেকে উদ্ধারকর্মীরা পরিকল্পিতভাবে কাজ করছেন। তারা অভিযান বন্ধ করেননি।
ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ে অবস্থিত ভবনটির ধ্বংসের ছবি প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। ছবিতে দেখা যায়, ভবনটির একটি পাশ পুরোপুরি ধসে গেছে। এতে ভেতরের শোবার ঘর ও কাপড় রাখার আলমারি বাইরে থেকে দেখা যাচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে ভাঙা কংক্রিট, বাঁকানো ধাতব অংশ, কাপড়-চোপড় ও ঘরের বিভিন্ন জিনিস ছড়িয়ে রয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি উদ্ধার অভিযান দেখতে ঘটনাস্থলে যান। দ্রুত সাড়া দেওয়ায় উদ্ধারকর্মীদের প্রশংসা করেন তিনি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, উদ্ধারকর্মীরা এক মিনিটেরও কম সময়ে ঘটনাস্থলে পৌঁছান। এরপর কয়েক ঘণ্টা ধরে ঝুঁকিপূর্ণ ও জটিল পরিস্থিতিতে আটকে পড়া নিউইয়র্কবাসীকে উদ্ধারে কাজ করছেন।
সূত্র: এএফপি
ভোরের আকাশ/এনএস