পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বিশ্ব, সতর্ক করলেন মার্কিন অধ্যাপক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ব অতীতের যেকোনো সময়ের তুলনায় পারমাণবিক বিপর্যয়ের সবচেয়ে কাছাকাছি রয়েছে বলে সতর্ক করেছেন মার্কিন ইতিহাসবিদ ও অধ্যাপক পিটার কুজনিক। আমেরিকান ইউনিভার্সিটির নিউক্লিয়ার স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক কুজনিক সম্প্রতি ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গভীর উদ্বেগ প্রকাশ করেন।
পশ্চিম এশিয়ায় সম্প্রতি আরও একটি মার্কিন রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ এসে পৌঁছানোর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মোট তিনটি বিমানবাহী রণতরী জমা হলো। চলমান উত্তেজনার মধ্যে এই সামরিক শক্তি বৃদ্ধি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। তেহরানও পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের নতুন হামলার অপেক্ষায় তারা বসে থাকবে না, উপযুক্ত সময়ে তারাও জবাব দেবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মিশ্র বার্তা আসছে। তিনি জানিয়েছেন, ইরান ও ইয়েমেনের আনসারুল্লাহ নতুন কোনো ঝামেলা না পাকালে তিনি আপাতত হামলা বন্ধ রাখার কথা ভাবছেন। সব মিলিয়ে, একদিকে অস্ত্রের ঝনঝনানি আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে ধোঁয়াশার কারণে শান্তি ফেরার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
অধ্যাপক কুজনিক মনে করেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইল যে ইরানের ওপর পারমাণবিক বোমা ফেলতে পারে, সেই সামান্য আশঙ্কাও পৃথিবীর জন্য এক ভয়াবহ ব্যাপার। ইসরাইলের গোয়েন্দাদের বিশ্বাস, ইরানের পারমাণবিক গবেষণাগারটি মাটির ৩০০ ফুট গভীরে গ্রানাইট পাথরের নিচে সুরক্ষিত রয়েছে, যা সাধারণ কোনো অস্ত্র দিয়ে ধ্বংস করা অসম্ভব। আর এই কারণেই যুক্তরাষ্ট্র বা ইসরাইল পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এছাড়া ট্রাম্পের কাছের উপদেষ্টারাও মারাত্মক যুদ্ধপ্রিয় হওয়ায় বিপদ আরও বেড়েছে।
ইতিহাসের শিক্ষা ও মার্কিন হস্তক্ষেপ
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, মধ্যপ্রাচ্যের তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে যুক্তরাষ্ট্র যুগের পর যুগ ধরে এই অঞ্চলে নাক গলিয়ে আসছে। ১৯৫৩ সালে সিআইএ ইরানের তৎকালীন জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করেছিল। কারণ তিনি দেশের তেল সম্পদ বিদেশি কোম্পানির হাত থেকে বাঁচিয়ে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এরপর থেকেই ওয়াশিংটন ইরানের ওপর বৈরী আচরণ চালিয়ে যাচ্ছে।
তবে কুজনিকের মতে, বর্তমানের এই আধুনিক ড্রোন ও প্রযুক্তির যুগে যুদ্ধ জিনিসটাই অচল এবং চরম বোকামি। দীর্ঘ নয় মাস ধরে হামলা চালিয়েও যুক্তরাষ্ট্র ইরানকে দমাতে পারেনি, যা তাদের সামরিক শক্তিরও এক বড় সীমানা টেনে দিয়েছে।
দ্বিমুখী নীতি ও চুক্তির ভবিষ্যৎ
মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে এক অদ্ভুত বৈষম্য চলছে বলে মন্তব্য করেন এই অধ্যাপক। ইসরাইলের কাছে গোপনে ৯০ থেকে ১৫০টির বেশি পারমাণবিক অস্ত্র থাকলেও পশ্চিমা দেশগুলো এ নিয়ে মুখে কুলুপ এঁটে থাকে। অথচ ইরান আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির নিয়ম মেনে চলার পরও বারবার বোমা হামলা ও কঠোর নিষেধাজ্ঞার শিকার হচ্ছে। এই ধরনের দ্বিমুখী নীতির কারণে বিশ্বজুড়ে পারমাণবিক চুক্তিগুলোর বিশ্বাসযোগ্যতা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। ফলস্বরূপ, অনেক দেশই এখন নিজেদের নিরাপত্তার জন্য নিজে থেকেই পারমাণবিক অস্ত্র বানানোর কথা ভাবছে, যা গোটা পৃথিবীকে আরও বেশি অনিরাপদ করে তুলছে।
হিরোশিমার ভয়াবহতার স্মৃতিচারণ করে কুজনিক বলেন, সেদিনের সেই বোমা আজকের অস্ত্রের তুলনায় অনেক হালকা ছিল, অথচ তার তেজস্ক্রিয়তা আজও মানুষকে তিলে তিলে মারছে। আজকের পারমাণবিক অস্ত্রগুলো তার চেয়ে হাজার গুণ বেশি ধ্বংসাত্মক। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর বেঁচে থাকার মূল চাবিকাঠি হলো সমুদ্রের পানি লবণমুক্ত করার কেন্দ্রগুলো। যুদ্ধে এগুলো ধ্বংস হয়ে গেলে পুরো অঞ্চলটি মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
তাই এখনই সময় অস্ত্রের ভাষা বাদ দিয়ে কূটনীতির টেবিলে বসার। রুশ প্রেসিডেন্ট পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত জরুরি বৈঠকে বসা এবং ১৯৮৬ সালের সেই শান্তি আলোচনার মতো পৃথিবী থেকে সব পারমাণবিক অস্ত্র চিরতরে মুছে ফেলার ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া।
ভোরের আকাশ/আ.র