হরমুজে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালির পূর্ব অংশে নৌ-মাইনের আঘাতে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি একটি ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশের পর নৌ-মাইনের আঘাতে আগুন ধরে যায়। তবে জাহাজটির নাম, কোন দেশের পতাকাবাহী এবং হতাহতের বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গত ৫ নভেম্বরও হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন লাগার খবর দিয়েছিল ইরান। দেশটির সেনাবাহিনী ও আইআরজিসি দাবি করেছিল, অননুমোদিত নৌপথ ব্যবহার করতে গিয়ে কয়েকটি জাহাজ নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেসব জাহাজের পরিচয় ও ক্ষয়ক্ষতির বিস্তারিতও প্রকাশ করা হয়নি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর মাসে মধ্যপ্রাচ্যের জলসীমায় ৩৭টি জাহাজ হামলার শিকার হয়েছে, যা সংঘাত শুরুর পর এক মাসে সর্বোচ্চ। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিক থেকে ওই অঞ্চলে জাহাজ চলাচলসংক্রান্ত ১৩০টি নিরাপত্তা ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিকের মৃত্যুর খবরও রয়েছে। সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/ইউএম