ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, ফের অভিযানের পরিকল্পনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার অবসানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব তো বাতিল করেছেনই, উপরন্তু নিজের সহকারীদের বলেছেন যে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নির্বাচন শেষ হওয়ার পর নভেম্বর মাস থেকে ফের ইরানে বোমাবর্ষণের নির্দেশ দেবেন তিনি।
ওয়াল স্ট্রিট জার্নালে এ প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো কর্মকর্তা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছিলেন, মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে ওয়াশিংটনকে নতুন একটি শান্তি চুক্তির নথি পাঠিয়েছে তেহরান এবং প্রেসিডেন্ট ট্রাম্প যদি চুক্তির শর্তগুলো মেনে নিতে রাজি থাকেন- তাহলে আগামী ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান।
সংবাদ সম্মেলনে আরাগচি আরও বলেছিলেন, জুন মাসে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে উল্লিখিত শর্তগুলোই নতুন চুক্তির নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরাগচি জানান, সবকিছুই প্রস্তুত আছে। এখন শুধু চুক্তি সম্পাদন ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফ থেকে আন্তরিকতার অপেক্ষা।
সূত্র: রয়টার্স
ভোরের আকাশ/এনএস