৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, পাকিস্তানে গণভোটের প্রস্তাব

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ও জিও নিউজ-এর রোববার (৮ নভেম্বর) প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে বর্তমান ৪টি প্রদেশ ভেঙে ১২টি প্রদেশ গঠনের একটি প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। এই বিষয়ে জনমত যাচাইয়ের জন্য দেশজুড়ে গণভোট আয়োজনের পরিকল্পনাও আলোচনায় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রশাসনিক দক্ষতা বাড়ানো, সুশাসন নিশ্চিত করা এবং দেশের সব অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দেয়ার লক্ষ্যেই এ পরিকল্পনা নেয়া হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, পাঞ্জাবকে চারটি, খাইবার পাখতুনখোয়াকে তিনটি, বেলুচিস্তানকে তিনটি এবং সিন্ধুকে দুটি প্রদেশে ভাগ করা হতে পারে। এতে পাকিস্তানে প্রদেশের সংখ্যা বর্তমান চারটি থেকে বেড়ে ১২টি হবে।
তবে পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নতুন প্রদেশগুলোর সীমানা, প্রশাসনিক কাঠামো কিংবা সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রস্তাবের গুরুত্বপূর্ণ অংশ হলো দেশব্যাপী গণভোট। এর মাধ্যমে নতুন প্রদেশ গঠনের বিষয়ে সাধারণ মানুষের মতামত ও জনসমর্থন যাচাই করতে চায় সংশ্লিষ্ট পক্ষগুলো। কোনো নির্দিষ্ট প্রদেশকে দুর্বল করা বা বিদ্যমান প্রদেশগুলোর রাজনৈতিক গুরুত্ব কমানো এ উদ্যোগের উদ্দেশ্য নয় বলে দাবি করেছে সূত্র।
পরিকল্পনার সমর্থকদের মতে, ছোট প্রশাসনিক একক গঠন করা হলে সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছানো সহজ হবে। পাশাপাশি স্থানীয় উন্নয়ন চাহিদা চিহ্নিত করা, সম্পদের সুষম বণ্টন এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করাও সহজ হবে।
তবে এ পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্য, সংসদীয় আলোচনা এবং সংবিধান সংশোধনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভোরের আকাশ/আ.র