আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ঝরল ১১ প্রাণ

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকার আল ওয়াতান সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে বিশেষায়িত জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়। অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও জরুরি চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যান চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়।জাতীয় সংবাদ
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ও শক্তি কামনা করেছে মন্ত্রণালয়।
এদিকে, দুর্ঘটনা নিয়ে গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং তথ্যের সত্যতা নিশ্চিত করতে সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দুটি সংঘর্ষে ১৪ জন নিহত ও ৩০ জন আহত হন। নিহতদের মধ্যে ১০ জন আমিরাতের নাগরিক এবং চারজন ভারতীয় ছিলেন বলে নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, প্রথম সংঘর্ষে একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এরপর দুটি শিপিং কনটেইনার বহনকারী আরেকটি ট্রাক কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে উল্টে যায়। ওই এলাকায় সড়কের ডান পাশের লেন রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ ছিল। দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক জড়িত ছিল।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফেডারেল পাবলিক প্রসিকিউশন কারিগরি মূল্যায়ন ও ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেয়। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ট্রাকচালককে আটক করা হয়।
এসব দুর্ঘটনার পর চালকদের গতি সীমা মেনে চলা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং যান চলাচল ধীর হয়ে আসার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
চলমান তদন্তের মধ্যে পুলিশও গাড়ি ও ট্রাকচালকদের সড়কে বাড়তি সতর্কতা অবলম্বন, ট্রাফিক আইন মেনে চলা এবং ধীরগতির যান চলাচলের এলাকায় বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছে। দায়িত্বশীলভাবে গাড়ি চালানো ও সড়ক নিরাপত্তার নিয়ম মেনে চলাই দুর্ঘটনা প্রতিরোধ এবং প্রাণহানি এড়ানোর অন্যতম উপায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/আ.র