ইরানকে এখনই হুমকি মনে করছেন না আইজেনকট, দ্বিমত নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে এখনই কোনো তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের প্রয়োজন দেখছেন না ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকট; তবে তার এই বক্তব্যের সঙ্গে প্রকাশ্যে দ্বিমত পোষণ করেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (২৩ নভেম্বর) জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট (নেসেট)-এ নতুন সরকার গঠনের আলোচনা চলাকালে এই দুই শীর্ষ নেতার বিপরীতমুখী অবস্থান সামনে আসে।
তবে, নতুন সরকার গঠনের আগে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না তিনি। অন্যদিকে, নেতানিয়াহু ইসরায়েলকে ঘিরে গুরুতর ও বড় ধরনের হুমকির কথা তুলে ধরেছেন।
এসব হুমকিকে ছোট করে দেখার জন্য আইজেনকটের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, কেউ এমন করলে তা রাজনৈতিক উদ্দেশ্যেই করেন। একই সঙ্গে, জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বানও জানিয়েছেন তিনি।
এদিকে, নতুন সরকার গঠন নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের দলের মধ্যে এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। গত রোববার দুই দলের প্রতিনিধিদের বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, হার্জলিয়ার একটি হোটেলে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও আইজেনকটের ইয়াশার পার্টির প্রতিনিধিরা বৈঠক করেন।
বৈঠকে নতুন সরকারের নেতৃত্ব কে দেবেন এবং কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সরকারে থাকবেন কি না, তা নিয়ে মতবিরোধ দেখা দেয়।
লিকুদ পার্টি বেন-গভিরকে সরকারে রাখতে চায়। অন্যদিকে, ইয়াশার পার্টি তাকে বাদ দেওয়ার পক্ষে।
যৌথ বিবৃতিতে দুই দল জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা নিজেদের অবস্থান তুলে ধরেছে। এ বিষয়ে আরও বৈঠক হবে। তবে, পরবর্তী বৈঠকের তারিখ জানানো হয়নি। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ১৩ আসন পিছিয়ে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠন করতে হবে। প্রয়োজনে সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
ভোরের আকাশ/আ.র