গাজার ৯৯ শতাংশ এলাকায় দূষণ, বিপন্ন জনজীবন: অক্সফাম

গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় পরিবেশগত দূষণের লক্ষণ দেখা গেছে এবং উপত্যকাটি কার্যত একটি ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এবং কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের বিস্ফোরক ও অগ্নিসংযোগকারী অস্ত্রের ব্যবহারে গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় পরিবেশদূষণের সম্ভাব্য উৎস তৈরি হয়েছে। বোমা হামলা, অগ্নিকাণ্ড, ভবনের ধ্বংসাবশেষ ও অপরিশোধিত পয়োবর্জ্য থেকে ছড়ানো দূষিত পদার্থ বাতাস, পানি, খাদ্য ও মাটির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে।
অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, গাজার পরিবেশের ওপর সামরিক হামলা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে হুমকির মুখে ফেলেছে। দূষণের প্রকৃত মাত্রা ও ঝুঁকি নিরূপণে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
স্যাটেলাইট চিত্র, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও অন্যান্য উন্মুক্ত তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১১ অক্টোবর পর্যন্ত গাজার প্রায় ৭৮ শতাংশ এলাকায় ইসরায়েলি স্থল অভিযান সরাসরি প্রভাব ফেলেছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে সংঘাতের কারণে গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসাবশেষ জমেছে। অর্থাৎ বর্তমানে সেখানে বসবাসকারী প্রত্যেক মানুষের বিপরীতে প্রায় ২৯ টন ধ্বংসস্তূপ রয়েছে।
এসব ধ্বংসাবশেষ সরাতে প্রায় ২১ লাখ ট্রাকের প্রয়োজন হবে বলে ধারণা করছে অক্সফাম। গাজার প্রায় সব এলাকাতেই অন্তত একটি সম্ভাব্য দূষণের উৎস শনাক্ত করা হয়েছে। বিশেষ করে গাজা সিটি, খান ইউনিস, রাফাহ ও জাবালিয়ায় দূষণের ঝুঁকি বেশি।
ভোরের আকাশ/আ.র