ইরানের খুজেস্তানে মার্কিন হামলায় নিহত ৭, আহত ৮

যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় ইরানের খুজেস্তান প্রদেশে অন্তত সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইরানের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মধ্যে শুধু খুজেস্তান প্রদেশেই ৭ জন নিহত হয়েছেন। প্রদেশটির ডেপুটি গভর্নরের বরাত দিয়ে বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, খুজেস্তানের তিনটি পৃথক স্থানে এসব হতাহতের ঘটনা ঘটে। এতে আরও ৮ জন আহত হয়েছেন।
এর আগে হরমুজ প্রণালির সঙ্গে লাগোয়া হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মিসাইল হামলায় চারজন নিহত হন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।
বিয়ের অনুষ্ঠানে হামলার বিষয়ে রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মিসাইল হামলার পর হরমুজগান প্রদেশের সিরিকের কুশেতাক শহরের একটি বাড়িতে মিসাইলের শার্পনেল আঘাত হানে। ওই বাড়িতে তখন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলায় ৫০ জনের বেশি আহত হওয়ার পাশাপাশি এক শিশুসহ চারজন নিহত হন।
ইরান সরকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, যেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল, সেখানে হামলার পর ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ ও মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টা করছিল। তাদের ঠেকাতেই নতুন করে এই হামলা চালানো হয়েছে।
এরপর ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনায় ইরাকেও মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। সূত্র: ইরনা, আলজাজিরা
ভোরের আকাশ/সু.পা