সিআইএ ও জাতীয় গোয়েন্দা দপ্তরে সাইবার হানা, তথ্য ফাঁস

সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর (ওডিএনআই)। সংস্থা দুটি এই হামলার বিষয়টি শনাক্ত করতে পারলেও, এতে তাদের কিছু সাধারণ তথ্য ফাঁস হয়েছে।
এই সাইবার হানার খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। তাদের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা এমন এক নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছে, যা মূলত সবার জন্য উন্মুক্ত ও সাধারণ তথ্য বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করে।
নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, ঠিক কী ধরনের সাধারণ তথ্য বেহাত হয়েছে তা স্পষ্ট না হলেও, এই সাইবার হানায় যুক্তরাষ্ট্রের আরও কিছু সরকারি দপ্তরের তথ্য ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর (ওডিএনআই) জানায়, এতে তাদের ‘গুরুত্বপূর্ণ কার্যক্রম কিংবা অতি-গোপন কোনও ব্যবস্থায় বিঘ্ন ঘটেনি।’
যুক্তরাষ্ট্রে সম্প্রতি একের পর এক প্রযুক্তিগত বিভ্রাট ও সাইবার হামলার ঘটনা ঘটছে। তার মধ্যে এটিই সর্বশেষ এমন হামলা। এর আগে মার্কিন কৃষি বিভাগে তথ্য ফাঁসের খবর পাওয়া গিয়েছিল।
তাছাড়া সম্প্রতি গোয়েন্দা সংস্থা এফবিআই-তেও দুটি পৃথক সাইবার হানার তথ্য সামনে এসেছে এবং মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে এই সাইবার হামলা বা তথ্য ফাঁসের ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
ভোরের আকাশ/এনএস