ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে কংগ্রেসের প্রতি ডেমোক্র্যাট সিনেটরের আহ্বান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া উদ্যোগের বিরোধিতা করে যুদ্ধের অর্থায়ন বন্ধে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন। তাঁর অভিযোগ, ট্রাম্প ইরানে ‘বেআইনি ও স্বেচ্ছাধীন’ যুদ্ধ পরিচালনা করছেন। একই সঙ্গে যুদ্ধে নিহত ও আহত মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগও তুলেছেন তিনি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্রিস ভ্যান হোলেন এসব কথা বলেন। কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর দেওয়া ওই বার্তায় তিনি লেখেন, ‘যে প্রেসিডেন্ট নিয়মিতভাবে সামরিক বাহিনীর সদস্যদের হতাহতের তথ্য গোপন করে আসছেন, তিনি এখন ইরানের বিরুদ্ধে তাঁর বেআইনি ও স্বেচ্ছাধীন যুদ্ধে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছেন। ট্রাম্প যখন বলেন, আগামী মাসে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছেন, তখন তাঁর কথায় বিশ্বাস করুন। কংগ্রেসের উচিত এই যুদ্ধে অর্থায়ন বন্ধ করে দেওয়া।’
এদিকে, সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং অতিরিক্ত মেরিন কোরের জাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। নভেম্বরের শুরুর দিকে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প—এমন খবরও প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই সামরিক মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে আরও প্রায় ৯ হাজার থেকে ১০ হাজার মার্কিন সেনা যুক্ত হতে পারে।
প্রতিবেদনটিতে কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, মেরিন সেনা ও নাবিকদের নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরদিন, অর্থাৎ ৪ নভেম্বর ইরানে আবারও সামরিক অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনী।
তবে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির খারাপ ফলের পর বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানে নতুন করে অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা তাঁর নেই। সূত্র : আনাদোলু এজেন্সি
ভোরের আকাশ/সু.পা