নাহিদ ইসলামকে আইনি নোটিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এ নোটিশ পাঠিয়েছেন।
এতে বলা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি, লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই’। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার করে লিখিত জবাব দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে আইনজীবী হাবিবুর রহমান দাবি করেন, নাহিদ ইসলামের এই বক্তব্য অগ্রহণযোগ্য, কাল্পনিক ও রাজনৈতিক অপ্রজ্ঞার পরিচায়ক। এমন বক্তব্যে তিনি বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এমন মন্তব্য করা জাতির প্রত্যাশার পরিপন্থী। এ ধরনের বক্তব্যের জন্য নাহিদ ইসলামের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও নোটিশে উল্লেখ করেন তিনি।
ভোরের আকাশ/ইউএম