মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সই

বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মোংলা অর্থনৈতিক অঞ্চল’ উন্নয়নের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহজীকরণ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিতিতে এ সমঝোতা সই হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি বলেন, “সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।”
সমঝোতা চুক্তিতে সই করেন ইনভেস্ট বাংলাদেশের পক্ষে শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ ও সিআরসিসির তাদের সহযোগী প্রতিষ্ঠান চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং।
এসময় উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম রবি, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী ও সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন।
সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধান ও সহযোগিতা সম্প্রসারিত হবে। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনদের যোগাযোগ ও সমন্বয়ে সহায়তা করবে ইনভেস্ট বাংলাদেশ।
ভোরের আকাশ/ইউএম