নেপালে বার্ড ফ্লুর প্রকোপে ৬ লাখ হাঁস-মুরগি নিধন, চিড়িয়াখানা বন্ধ

নেপালে দ্রুত ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লুর সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ৫ লাখ ৯৬ হাজারের বেশি হাঁস-মুরগি নিধন করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে ভাইরাসের বিস্তার ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে নেপালের একমাত্র চিড়িয়াখানা।
মঙ্গলবার (৩০ জুন) দেশটির কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৮ মার্চ প্রথমবারের মতো বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকেই সরকারি প্রাণিসম্পদ কর্মকর্তাদের তত্ত্বাবধানে ব্যাপক নিধন অভিযান পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত ১০ লাখেরও বেশি ডিমও ধ্বংস করা হয়েছে।
প্রাণিসম্পদ সেবা বিভাগের মহাপরিচালক উমেশ দাহাল জানান, রাজধানী কাঠমান্ডু উপত্যকার তিনটি জেলাসহ দেশের মোট ১১টি জেলায় বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে কাঠমান্ডু উপত্যকাতেই পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক।
তিনি বলেন, কর্তৃপক্ষের ধারণা, কাকের মাধ্যমে ভাইরাসটি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে সংক্রমণের কারণে কাকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। বন্য পরিবেশে বিচরণ করায় এসব পাখির চলাচল নিয়ন্ত্রণ করা কঠিন হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
নেপালে প্রথমবার বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয় ২০০৯ সালের জানুয়ারিতে। তবে এবার সংক্রমণ ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত এ রোগে কোনো মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে রাজধানী কাঠমান্ডুর একমাত্র চিড়িয়াখানাটি জুন মাসের শুরুতেই বন্ধ করে দেওয়া হয়েছে। কোভিড-১৯ মহামারির পর এই প্রথম দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানাটি বন্ধ করা হলো।
চিড়িয়াখানার মুখপাত্র গণেশ কৈরালা এএফপিকে জানান, বার্ড ফ্লুতে কয়েকটি পাখি ও প্রাণী আক্রান্ত হয়েছে। সংক্রমণে একটি সিভেট বিড়াল এবং পেঁচা, শকুন ও কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখির মৃত্যু হয়েছে। তিনি বলেন, ভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চিড়িয়াখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
ভোরের আকাশ/সু.পা