প্রসবের পর নবজাতককে জানালা দিয়ে ফেলে দিলেন কিশোরী মা

ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি নার্সিংহোমে সন্তান প্রসবের মাত্র কয়েক মিনিট পর এক নাবালিকা কিশোরী তার নবজাতক সন্তানকে ওয়াশরুমের জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে শিশুটির মৃত্যু হয় বলে শনিবার জানিয়েছে পুলিশ।
উত্তরাপাড়া থানার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত শুক্রবার গভীর রাতে তীব্র পেটের ব্যথা নিয়ে ১৬ বছর বয়সি ওই কিশোরীকে উত্তরাপাড়া পৌরসভার ওই নার্সিংহোমে নিয়ে আসে তার পরিবারের সদস্যরা।
প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, শনিবার (৭ নভেম্বর) সকালে পেটের ব্যথা বেড়ে যাওয়ায় মেয়েটি ওয়াশরুমে যায় এবং কারো সহযোগিতা ছাড়াই সেখানে একটি সন্তানের জন্ম দেয়।
নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, এরপর ওই নাবালিকা নবজাতকটিকে ওয়াশরোমের জানালা দিয়ে ফেলে দেয়।
এক পথচারী রক্তে ভেজা অবস্থায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এক নার্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে ভেতরে নিয়ে আসেন এবং তাকে মৃত অবস্থায় পান বলে পুলিশ কর্মকর্তা জানান। মৃত নবজাতকটি একটি কন্যা সন্তান ছিল।
কিশোরীর পরিবারের সদস্যরা দাবি করেছেন যে, তারা তার গর্ভধারণের ব্যাপারে কিছুই জানতেন না। ওই কর্মকর্তা বলেন, রিবারের সদস্যরা সাধারণ পেটের ব্যথা ভেবে তাকে নার্সিংহোমে নিয়ে এসেছিল। আমরা তাদের এই দাবি খতিয়ে দেখছি।
নার্সিংহোমের মালিক সুচেতা মুখার্জি সাংবাদিকদের জানান, শুক্রবার গভীর রাতে ওই নাবালিকাকে ভর্তি করা হয় এবং শনিবার সকালে তার রক্ত পরীক্ষা করা হয়।
তিনি আরও দাবি করেন, ভর্তির সময় নার্সিংহোমের কর্মীরা বারবার কিশোরীর পরিবারের কাছে তার গর্ভবতী হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চেয়েছিলেন, কিন্তু তারা বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।
কিশোরীর মা সাংবাদিকদের বলেন, আমাদের কোনও ধারণাই ছিল না যে আমাদের মেয়ে গর্ভবতী ছিল। গত রাতে তীব্র পেটের ব্যথার কথা বলার পর আমরা তাকে নার্সিংহোমে নিয়ে আসি। আজ সকালে হাসপাতাল থেকে ফোন পেয়ে আমরা ঘটনাটি জানতে পারি। সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ/ইউএম