ভারতের একাধিক স্থানে বোমা হামলার হুমকি, সর্বোচ্চ সতর্কতা

ভারতের হায়দরাবাদ শহরের একাধিক স্থানে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানোর পর সেখানে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনের বরাতে এনডিটিভি এক খবর জানিয়েছে।
পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে জানান, গত ২১ নভেম্বর নগর পুলিশের আইডিতে ওই ইমেইলটি পাঠানো হয় এবং এটি একটি ভুয়া হুমকি বা ‘হোক্স’ বলেই মনে হচ্ছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে এবং নাগরিকদেরও সচেতন করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই ইমেইলে মুম্বাইয়ের ২৬/১১-এর মতো হামলা চালানোর দাবি করা হয়েছে এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে কাচিগুদা রেলওয়ে স্টেশন ও এর কাছাকাছি একটি হোটেলের নাম উল্লেখ করা হয়েছে। ইমেইলটি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার পক্ষ থেকে পাঠানো হয়েছে এবং জম্মু ও কাশ্মীরে লস্কর কমান্ডার লতিফ ভাটের সাম্প্রতিক এনকাউন্টারে নিহতের প্রতিশোধ হিসেবে বোমা হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছে—এমন খবরের বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, ইমেইলটি ভুয়া এবং এ নিয়ে তদন্ত চলছে।
হায়দরাবাদ সিটি পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্দেহজনক স্থানগুলোতে নাশকতাবিরোধী তল্লাশি চালানো হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান পুলিশি টহল বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘হায়দরাবাদের নির্দিষ্ট কিছু স্থানে সম্ভাব্য বোমা হামলার বিষয়ে একটি ভীতিপ্রদর্শক ইমেইল পাওয়ার পরপরই হায়দরাবাদ সিটি পুলিশ তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।’
পুলিশ নাগরিকদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে। এছাড়া হুমকিদাতা ইমেইলটির পেছনের অপরাধীদের শনাক্ত ও খুঁজে বের করতে সাইবার ক্রাইম পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র