শক্তিশালী ইরান গড়তে জনসংখ্যা বৃদ্ধি জরুরি: মোজতবা খামেনি

শক্তিশালী ইরান গড়ে তুলতে এবং বহিঃশত্রুর হুমকি মোকাবিলা করতে জনসংখ্যা বৃদ্ধি ও তরুণ প্রজন্মের সংখ্যা বাড়ানো অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, চতুর্থ ‘জাতীয় তরুণ জনসংখ্যা পুরস্কার’ অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় তিনি জনসংখ্যা বৃদ্ধিকে জাতীয় শক্তি ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
এ সময় ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জনসংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টিও স্মরণ করেন তিনি।
জাতীয় পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ‘দীর্ঘস্থায়ী ও ক্ষতিকর অবহেলার সময়কাল’ নিয়ে সমালোচনা করেন খামেনি। তবে সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে জনসংখ্যার বিষয়টি আরও গভীরভাবে বিবেচনা করার সুযোগ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
নীতিনির্ধারণের ক্ষেত্রে পরিবার ও ব্যক্তি- উভয়কেই বিবেচনায় নেয়ার গুরুত্ব তুলে ধরেন খামেনি। তিনি বলেন, আবাসন এবং অনেক পণ্য ও সেবা পরিবারের সঙ্গে সম্পর্কিত বিষয়। অন্যদিকে খাদ্য, পোশাক ও স্বাস্থ্যসেবার মতো বিষয় ব্যক্তিকেন্দ্রিক। কাঙ্ক্ষিত জনসংখ্যা অর্জনে উভয় দিকেই নজর দেয়া প্রয়োজন।
তিনি জোর দিয়ে বলেন, দেশের জনসংখ্যার পরিস্থিতির ভারসাম্য ফেরানোর প্রচেষ্টায় পরিবারব্যবস্থার ভিত্তি শক্তিশালী করা সব সময়ই গুরুত্বপূর্ণ থাকবে। একই সঙ্গে ব্যক্তিসংশ্লিষ্ট বিষয়গুলোতেও সমান গুরুত্ব দেয়া প্রয়োজন।
শক্তিশালী ইরান গড়ে তুলতে অল্প বয়সে বিয়ে সহজ করা, ব্যক্তির স্বাস্থ্য নিশ্চিত করা, সন্তান জন্মদানে সহায়তা, পরিবারকেন্দ্রিক সংস্কৃতির প্রসার এবং এসব ক্ষেত্রে সফল দৃষ্টান্ত তুলে ধরার জন্য ব্যাপক ও জোরালো উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ করে তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষের কাছে এসব বিষয় তুলে ধরার ওপরও গুরুত্ব দেন সর্বোচ্চ নেতা। খামেনি আশা প্রকাশ করেন, অতীতে জনসংখ্যাবিষয়ক কিছু নীতির কারণে তৈরি হওয়া ঘাটতি পূরণ এবং তরুণ জনগোষ্ঠী বৃদ্ধি ও পরিবারকে অগ্রাধিকার দেয়ার সঠিক ও কৌশলগত নীতি নিষ্ঠার সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে ইরান বর্তমানের সংকটপূর্ণ ও ভাগ্যনির্ধারণী সময় নিরাপদে অতিক্রম করতে পারবে।
গত কয়েক দশকে ইরানে জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে বিষয়টি দেশটির নীতিনির্ধারকদের অন্যতম প্রধান অগ্রাধিকারে পরিণত হয়েছে। পরিবারকে সহায়তা এবং সন্তান জন্মদানে উৎসাহিত করতে আইন প্রণয়ন ও বিভিন্ন প্রণোদনামূলক কর্মসূচিও চালু করেছে ইরান সরকার।
ভোরের আকাশ/আ.র