ইউক্রেনের কাছে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশটির কাছে ২.৬৮ বিলিয়ন (২৬৮ কোটি) ডলারের সামরিক সরঞ্জাম ও সেবা বিক্রির সম্ভাব্য একটি প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, ইউক্রেন সরকারের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং সংশ্লিষ্ট সরঞ্জাম ও সেবা বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউক্রেন সরকার এস-৩০০ ক্লোন ক্ষেপণাস্ত্র, জিএএম-৬৭ ক্ষেপণাস্ত্র এবং পাল্লা বাড়ানো আকাশ প্রতিরক্ষা লেজার-নির্দেশিত রকেট ব্যবস্থা কিনতে চেয়েছে। এর সঙ্গে বিভিন্ন ধরনের উৎক্ষেপণ ব্যবস্থা, ড্রোন প্রতিরোধী রাডার, ট্রেলার ও খুচরা যন্ত্রাংশও রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত চুক্তি সম্পন্ন হলে এর অর্থায়ন করা হবে ইউরোপীয় দেশগুলোর দেওয়া অর্থ এবং আগের মার্কিন প্রশাসনের সময়ে বরাদ্দ করা সামরিক অর্থায়নের সমন্বয়ে। তবে চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগে কংগ্রেসের পর্যালোচনা প্রয়োজন।
ইউক্রেনের রাজধানী কিয়েভে সাম্প্রতিক সময়ে রুশ হামলা বেড়েছে। গোলাবারুদের ঘাটতির কারণে এসব হামলা ঠেকাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে জানিয়েছেন, তার পূর্বসূরি জো বাইডেনের প্রশাসনের সময় ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার অর্থ ইউরোপীয় দেশগুলোকে পরিশোধ করতে বলবেন। ইউক্রেনকে সহায়তার ব্যয়ের আরও বড় অংশ ইউরোপকে বহন করতে হবে বলে ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন।
এদিকে শুক্রবার রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিলে স্বাক্ষর করেছেন ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে মস্কোর ওপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা আনা হয়েছে। কয়েক মাসের বিলম্বের পর কংগ্রেসে অনুমোদন পাওয়ার পর বিলটিতে স্বাক্ষর করেন তিনি।
সাবেক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে করা এই আইনে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্য করা হয়েছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ শনিবার টেলিগ্রামে বলেন, রাশিয়া শুধু সরাসরি সামরিক প্রতিরোধের ভাষাই বোঝে।
তিনি নতুন নিষেধাজ্ঞার জবাবে রাশিয়ার ‘সামরিক প্রতিরোধমূলক’ পদক্ষেপ নেওয়ার কথা বলেন। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।
ভোরের আকাশ/আ.র