মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তি নির্ধারণ করতে পারে না: ইরান

মধ্যপ্রাচ্যের টেকসই ও দীর্ঘস্থায়ী নিরাপত্তা এই অঞ্চলের বাইরের কোনো শক্তি চাপিয়ে দিতে বা নির্ধারণ করতে পারে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার আয়োজনে অনুষ্ঠিত 'গ্লোবাল টাউন হল ২০২৬' অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া এক বক্তব্যে তিনি ইরানের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
আরাঘচি বলেন, আন্তর্জাতিক আইনের শাসনকে উপেক্ষা করে যদি বড় শক্তিগুলোর স্বার্থ অনুযায়ী আইন প্রয়োগ করা হয়, তাহলে আইনের শাসন নিয়ে কথা বলার সুযোগ থাকে না।
জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো যদি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হয়, তাহলে এসব প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা ক্ষতিগ্রস্ত হওয়াই স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে বহুপাক্ষিকতার প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
যুদ্ধের খরচ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না উল্লেখ করে আরাগচি বলেন, যুদ্ধের ব্যয় করদাতাদের বহন করতে হয়। তবে সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে—তাদের জীবন, রক্ত, ঘরবাড়ি, ভবিষ্যৎ ও নিরাপত্তার মাধ্যমে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সংলাপ, পারস্পরিক আস্থা তৈরি, সহযোগিতা ও সম্মানের ওপর গুরুত্ব দিতে হবে। বিদেশি শক্তির সামরিক উপস্থিতি এবং তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার মাধ্যমে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়।
আরাঘচির বক্তব্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থায় আঞ্চলিক দেশগুলোর নিজেদের মধ্যে আলোচনা ও সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/আ.র