গাজায় হামাসের অর্থ বিভাগের প্রধান নিহত

গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। খবর আল জাজিরার।
বুধবার এক যৌথ বিবৃতিতে তারা দাবি করেন, ইসরায়েলি সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সমন্বয়ে চালানো ‘নির্ভুল অভিযানে’ আবু আলওয়ানকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্টে বিবৃতিটি প্রকাশ করা হয়।
তবে এই হামলার বিষয়ে স্বাধীনভাবে ইসরায়েলি দাবির সত্যতা যাচাই করা যায়নি। হামলাটি এমন সময়ে হলো, যখন ২০২৫ সালের অক্টোবর থেকে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ওই যুদ্ধবিরতি কাঠামোতে সামরিক অভিযান বন্ধের কথা বলা হয়েছে।
এর আগে নাসের মেডিকেল কমপ্লেক্সের বরাত দিয়ে জানানো হয়, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। তবে ওই হামলাই নেতানিয়াহু ও কাটজের বিবৃতিতে উল্লেখ করা অভিযান কি না, তা স্পষ্ট নয়।
এ ছাড়া খান ইউনিসের উত্তরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। গাজার অন্য এলাকাতেও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। গাজা সিটির উত্তর-পূর্বাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
এ ছাড়া আল-আকসা মার্টার্স হাসপাতাল জানিয়েছে, বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/এম