জাতিসংঘে ভেনেজুয়েলায় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

ভেনেজুয়েলায় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তবে কবে নির্বাচন হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ বা সময়সূচি ঘোষণা করেননি তিনি। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে রদ্রিগেজ বলেন, পূর্ণ গণতন্ত্রে ফেরার অংশ হিসেবে ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়েছে বলেও জানান তিনি।
রদ্রিগেজ বলেন, নির্বাচন আয়োজনের উপযুক্ত সময় ভেনেজুয়েলার জনগণই নির্ধারণ করবে। সেই সময় এলে দেশের প্রতিষ্ঠানগুলো একটি অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে প্রস্তুত থাকবে বলেও জাতিসংঘকে আশ্বস্ত করেন তিনি।
তিনি বলেন, সব পক্ষের জন্য সমান সুযোগ নিশ্চিত করেই নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে তার সরকার বিরোধী দলগুলোর সঙ্গে রাজনৈতিক সংলাপ শুরু করেছে।
রদ্রিগেজের ভাষায়, তার সরকার দেশকে অনিশ্চয়তা ও সংঘাতের সময় পেরিয়ে পূর্ণ গণতন্ত্রের দিকে নিয়ে যেতে কাজ করছে।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন রদ্রিগেজ। মাদুরোকে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে অপহরণ করে নেওয়া হয় এবং বর্তমানে তিনি বিচারের অপেক্ষায় আছেন।
জাতিসংঘে রদ্রিগেজের ভাষণটি ছিল তার ক্ষমতায় আসার পর এই আন্তর্জাতিক ফোরামে প্রথম বড় বক্তব্য। তার যুক্তরাষ্ট্র সফরও ২০১৮ সালের পর ভেনেজুয়েলার কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।
ভাষণে রদ্রিগেজ বলেন, চলতি বছরে নানা ‘ধাক্কা’ সামলেও ভেনেজুয়েলা শক্তভাবে ঘুরে দাঁড়াচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরায় চালুর উদ্যোগ নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে রদ্রিগেজের বৈঠকও হয়। দুই দেশের সম্পর্ক জোরদার এবং জ্বালানি, খনিজ ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তাদের আলোচনা হয়েছে বলে রদ্রিগেজ জানান। সূত্র: আলজাজিরা
ভোরের আকাশ/ ইউএম