মিনাবের স্কুল ও লামের্দের ক্রীড়া স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ছিলো ‘পরিকল্পিত’: ইরান

তেহরান অভিযোগ করেছে যে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয় ও লামের্দ শহরের একটি ক্রীড়া কমপ্লেক্সে মার্কিন হামলাগুলো পরিকল্পিত ছিল এবং এটি যুদ্ধাপরাধের শামিল। জাতিসংঘের স্বাধীন সত্যানুসন্ধানী মিশনও এই হামলাগুলোকে বেসামরিক স্থাপনার ওপর নির্বিচার আক্রমণ হিসেবে চিহ্নিত করেছে।
সোমবার (২৩ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশনের (সিডব্লিউসি) ৩১তম সদস্যরাষ্ট্র সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
গরিবাবাদি বলেন, মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুবার হামলা চালায়। এর উদ্দেশ্য ছিল হতাহতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া।
তিনি জানান, ওই হামলায় বিদ্যালয়ের ১৬৮ জন শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী নিহত হন। বেসামরিক নাগরিকদের সুরক্ষার মৌলিক নীতির প্রতি অবজ্ঞা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অবৈধ আগ্রাসী যুদ্ধের ভয়াবহ মানবিক পরিণতির উদাহরণ এই হামলা।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, লামের্দের একটি ছোট শহরের কিশোরী নারী ক্রীড়াবিদে পরিপূর্ণ স্টেডিয়ামেও অত্যাধুনিক নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র ও নতুন মার্কিন অস্ত্র ব্যবহার করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে ২২ জন নিহত হন।
তিনি বলেন, যারা এসব অপরাধের পরিকল্পনা করেছেন, নির্দেশ দিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন, তাদের জীবনের শেষ দিন পর্যন্ত এই ঐতিহাসিক নৃশংসতার দায় বহন করতে হবে।
গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশন জানায়, মিনাব ও লামের্দে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে বিশ্বাস করার মতো ‘যুক্তিসংগত ভিত্তি’ রয়েছে।
এ ছাড়া শ্রীলঙ্কার উপকূলে একটি সামরিক মহড়া শেষে ফেরার পথে ইরানের নৌযান দেনায় হামলার ঘটনায় নিহত ১০৪ তরুণ নাবিকের প্রতিও শ্রদ্ধা জানান গরিবাবাদি। তার অভিযোগ, জাহাজটি কোনো হুমকি সৃষ্টি না করলেও সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
তিনি বলেন, জাহাজটি ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্য থাকলেও তরুণ নাবিকদের জীবন রক্ষা করা সম্ভব ছিল। কিন্তু তা করা হয়নি। বরং মার্কিন সামরিক কমান্ডার ও প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী, তাদের হত্যা করাকে ‘আরও মজার’ বিষয় হিসেবে দেখা হয়েছিল।
বক্তব্যে জাতিসংঘের সংস্কারেরও আহ্বান জানান ইরানের এই কর্মকর্তা। তিনি বলেন, কোনো দেশ আগ্রাসনের শিকার হলে আগ্রাসী রাষ্ট্র যত শক্তিশালীই হোক না কেন, জাতিসংঘকে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সক্ষমতা থাকতে হবে।
তিনি আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বড় শক্তিগুলোর বিশেষ সুবিধা রক্ষার হাতিয়ারে পরিণত হতে পারে না। ভেটো ক্ষমতার অর্থ কখনোই জবাবদিহি থেকে দায়মুক্তি নয়।
গরিবাবাদি জানান, ৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ২৩ হাজার ৮০০টি হামলা চালিয়েছে। এতে দেড় লাখ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুটি বড় ধরনের সামরিক আগ্রাসনের মুখে জাতিসংঘ কার্যত চোখ বন্ধ করে রেখেছিল। বিশেষ করে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এসব হামলার নিন্দা না জানানো বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করেছে এবং বৈশ্বিক অপ্রসারণ ব্যবস্থাকে দুর্বল করেছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগ্রাসী দেশগুলোর অভিযোগকে ‘নির্লজ্জ মিথ্যা’ আখ্যা দিয়ে তিনি বলেন, এসব অভিযোগ ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনের অজুহাত মাত্র।
গরিবাবাদি বলেন, ইরানের ভূখণ্ড, জনগণ ও জাতীয় স্বার্থ আক্রান্ত হওয়ায় আত্মরক্ষার স্বাভাবিক অধিকার প্রয়োগ করেছে দেশটি।
তিনি বলেন, ইরান শান্তি চায়। কিন্তু আত্মসমর্পণের বিনিময়ে পাওয়া শান্তি প্রকৃত শান্তি নয়। হুমকির ভিত্তিতে প্রতিষ্ঠিত শান্তিও শান্তি নয়।
তিনি আরও বলেন, ইরান যুদ্ধ চায় না। তবে ইরানি জাতির স্বাধীনতা বিসর্জন দিয়ে এমন কোনো শান্তিও মেনে নেবে না। হুমকি দিয়ে ইরানি জাতিকে কখনো নতজানু করা যাবে না।
বক্তব্যের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে বলে সতর্ক করেন তিনি। তার মতে, এসব অপরাধের কারণে জাতিসংঘ সনদভিত্তিক আন্তর্জাতিক আইনব্যবস্থা নজিরবিহীন হুমকির মুখে পড়েছে।
এ ছাড়া রাসায়নিক অস্ত্রের হামলায় বেঁচে যাওয়া ইরানিদের ওপর একতরফা নিষেধাজ্ঞা এবং আর্থিক ও বাণিজ্যিক বিধিনিষেধের প্রভাব নিয়েও উদ্বেগ জানান গরিবাবাদি।
তিনি বলেন, রাসায়নিক হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের রাজনৈতিক সিদ্ধান্ত ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে আবারও প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা উচিত নয়।
ভোরের আকাশ/আ.র