৬ রোগে আক্রান্তদের হজে যেতে সৌদির নিষেধাজ্ঞা

পবিত্র হজ সামনে রেখে পুণ্যার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট কিছু গুরুতর শারীরিক জটিলতা থাকলে এ বছর হজের অনুমতি (পারমিট) দেওয়া হবে না।
কর্তৃপক্ষ বলছে, হজের কঠিন আনুষ্ঠানিকতাগুলো যাতে পুণ্যার্থীরা নিরাপদে সম্পন্ন করতে পারেন এবং বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়ানো যায়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি আরবের প্রকাশিত তালিকা অনুযায়ী, যেসব অবস্থায় হজে অংশগ্রহণ করা যাবে না, সেগুলোর মধ্যে রয়েছে—
১. কিডনির জটিলতা বা ডায়ালাইসিস প্রয়োজন এমন অবস্থা।
২. গুরুতর হৃদরোগ বা হার্ট ফেইলিউর।
৩. লিভার সিরোসিস।
৪. জটিল মানসিক রোগ বা ডিমেনশিয়া।
৫. বার্ধক্যজনিত অতিরিক্ত শারীরিক দুর্বলতা।
৬. গর্ভধারণের শেষ তিন মাসে থাকা অন্তঃসত্ত্বা নারী।
এদিকে, টিকাদানের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সব পুণ্যার্থীর জন্য ‘মেনিনোকোক্কাল মেনিনজাইটিস’ টিকা বাধ্যতামূলক করা হয়েছে। হজ শুরুর অন্তত ১০ দিন আগে এই টিকার ডোজ নিতে হবে।
এ ছাড়া উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের—যেমন বয়স্ক, গর্ভবতী নারী এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের—কোভিড-১৯ ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জার আপডেট ডোজ নেওয়ার জোরালো পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/সু.পা