নাশকতার সন্দেহে নেদারল্যান্ডসে বড় ধরনের রেল বিপর্যয়

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামসহ দেশটির বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকালে রেললাইনে নাশকতার সন্দেহে ব্যাপক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
দেশটির রেল অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রোরেল জানিয়েছে, দেশটির মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় রেললাইনের ওপর পাইপ ও তার পাওয়া গেছে।
এ ধরনের ৩৫টির বেশি ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি বলেছে, এসব ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে। এর ফলে ব্যাপকভাবে বিভিন্ন রুটে ট্রেন বাতিল ও বিলম্ব হয়েছে। কিছু জায়গায় রেললাইন থেকে বস্তু সরিয়ে নেওয়ার পরও আবার নতুন করে সমস্যা দেখা দেয়।
এখন পর্যন্ত এসব ঘটনার পেছনে কারা রয়েছে বা তাদের উদ্দেশ্য কী, তা জানা যায়নি। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। প্রোরেল জানিয়েছে, রেললাইনে পাইপ ও তার পড়ে থাকায় তাদের কম্পিউটার ব্যবস্থা মনে করছিল, ওই লাইনে ট্রেন অবস্থান করছে। ফলে নিয়ন্ত্রণকক্ষ থেকে রেললাইনটিকে ট্রেন চলাচলের জন্য খালি দেখানো সম্ভব হচ্ছিল না- জানায় বিবিসি।
প্রতিষ্ঠানটি বলেছে, রেললাইনে এ ধরনের বস্তু রাখা অত্যন্ত বিপজ্জনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে মঙ্গলবারের ঘটনায় কোনো দুর্ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছে তারা। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব ইয়েটেন ঘটনাগুলোকে অত্যন্ত বড় ধরনের বিঘ্ন এবং জীবনহানির ঝুঁকি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন। এর আগের দিন সোমবার ভোরেও একই ধরনের একটি ঘটনা ঘটে। দেশটির পূর্বাঞ্চলের স্টেইনভাইকের কাছে একটি ট্রেন রেললাইনে পড়ে থাকা একটি ধাতব বস্তুর সঙ্গে ধাক্কা খায়।
প্রোরেল জানিয়েছে, ওই সময় ট্রেনটি পূর্ণ গতিতে চলছিল না। ফলে সংঘর্ষের পর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটির তদন্তে পুলিশ ছাড়াও দেশটির সরকারি প্রসিকিউটরের দপ্তর এবং গোয়েন্দা সংস্থা এআইভিডি যুক্ত হয়েছে। মঙ্গলবার রেললাইনে সমস্যার কারণে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ বা ব্যাহত হয়।
এর মধ্যে রাজধানী আমস্টারডাম, প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর স্কিপহল, আইন্দহোভেন এবং উটরেখটের সঙ্গে যোগাযোগকারী কয়েকটি রেলপথও ছিল। কয়েকটি রেলক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় সড়ক যোগাযোগেও কিছুটা সমস্যা দেখা দেয়।
প্রোরেল জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১টার পর নতুন করে কোনো রেললাইন বন্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। এর মধ্যে আগের সব বাধা দূর করা হয়েছে। তবে ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান নেদারল্যান্ডসে স্পোরভেগেন জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দুটি রেলপথে ট্রেন চলাচলে সমস্যা ছিল।
নেদারল্যান্ডসে স্পোরভেগেনের অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা মিরিয়াম ভান ফেলটহাউজেন বলেন, মঙ্গলবারের ঘটনাগুলো দেশটির পরিবহনব্যবস্থায় রেলপথের গুরুত্ব স্পষ্ট করেছে। তিনি জরুরি পরিস্থিতিতে রেল চলাচল স্বাভাবিক রাখার জন্য আরো বিনিয়োগের আহ্বান জানান।
ভান ফেলটহাউজেন বলেন, অনিশ্চয়তা বাড়তে থাকা বর্তমান পরিস্থিতিতে রেলপথকে বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলার জন্য প্রস্তুত রাখতে হবে। একই সঙ্গে কোনো সমস্যা দেখা দিলে এর প্রভাব যতটা সম্ভব কমিয়ে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে।
এর আগে নেদারল্যান্ডসে স্পোরভেগেন জানিয়েছিল, রেল চলাচলে একসঙ্গে এত বেশি সমস্যা তৈরি হয়েছিল যে যাত্রীদের জন্য বিকল্প বাসসেবা দেওয়াও সম্ভব ছিল না।
নেদারল্যান্ডস পুলিশ জানিয়েছে, মঙ্গলবারের ঘটনাগুলোর তদন্তে দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশ সদস্যদের কাজে নামানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে কি না, তা জানানো হয়নি। মঙ্গলবার নেদারল্যান্ডসে ছিল ‘প্রিন্সিয়েসডাগ’। এদিন দেশটির সরকার সাধারণত জাতীয় বাজেট উপস্থাপন করে।
একই দিনে দেশটির বিভিন্ন সড়কের পাশে খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে। কৃষকদের স্বার্থ রক্ষাকারী সংগঠন ফার্মার্স ডিফেন্স ফোর্স বিক্ষোভের ঘোষণা দেওয়ার পর এসব ঘটনা ঘটে। সংগঠনটি সরকারের এমন একটি পরিকল্পনার বিরোধিতা করছে, যার লক্ষ্য কৃষি খাত থেকে নাইট্রোজেন নির্গমন কমানো।
তবে রেললাইনে পাইপ ও তার রেখে যাওয়ার ঘটনাগুলোর সঙ্গে কৃষকদের বিক্ষোভের কোনো সম্পর্ক এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফার্মার্স ডিফেন্স ফোর্সও রেললাইনে নাশকতার ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
তবে সংগঠনটি জানিয়েছে, কোনো কোনো কৃষক ব্যক্তিগতভাবে এসব ঘটনায় জড়িত থাকতে পারেন- এই সম্ভাবনা তারা পুরোপুরি উড়িয়ে দিতে পারছে না।
নেদারল্যান্ডসে রেল চলাচল ব্যাহত হওয়ার এই ঘটনার মধ্যেই ফ্রান্সে একটি আলাদা ট্রেন দুর্ঘটনা নিয়েও নাশকতার সন্দেহের খবর এসেছে। ফরাসি সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নরম্যান্ডিতে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পেছনে নাশকতা থাকতে পারে।
ফরাসি প্রসিকিউটররা জানিয়েছেন, রেললাইনে পাওয়া একটি অংশ প্রমাণ করে, ট্রেনটি দুর্ঘটনার শিকার হওয়ার কারণ হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।
ভোরের আকাশ/এম