কাতারের প্রধানমন্ত্রীর দাবি
গাজা শান্তি পরিকল্পনার ‘বড় বাধা’ নেতানিয়াহু

গাজার জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারকে ‘সবচেয়ে বড় বাধা’ হিসেবে উল্লেখ করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে আল-থানি বলেন, নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে চুক্তির বিভিন্ন শর্ত লঙ্ঘনের দীর্ঘ তালিকা রয়েছে। মধ্যস্থতাকারীরা চুক্তিটি কার্যকর রাখতে কাজ করলেও ইসরায়েলি সরকারের অবস্থানের কারণে শান্তি পরিকল্পনার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।
গাজা শাসনকারী হামাসের সামরিক শাখাকে কাতার কখনো অর্থায়ন করেনি বলেও দাবি পুনর্ব্যক্ত করেন আল-থানি। তিনি বলেন, গাজায় কাতারের পাঠানো অর্থ জাতিসংঘ ও ইসরায়েল সরকারের পূর্ণ সমন্বয় ও অনুমোদনের মাধ্যমেই গেছে এবং হামাসের সামরিক শাখায় কাতার কোনো অর্থ দেয়নি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারের ভূমিকা নিয়েও কথা বলেন আল-থানি।
তিনি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো দেশ বা পক্ষের নৌপথ অবরোধ করে নৌ চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করা গ্রহণযোগ্য নয়।
ইরানের সঙ্গে কাতারের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশ প্রতিবেশী এবং কয়েক দশক ধরে তাদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রয়েছে। উভয় পক্ষেরই একে অপরের জন্য কোনো উদ্বেগের কারণ না হওয়ার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ভোরের আকাশ/এম