বালেন্দ্র শাহের প্রথম ভারত সফরে দুই দেশের মধ্যে ৮ চুক্তি

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বালেন্দ্র (বালেন) শাহের প্রথম ভারত সফরে দুই দেশের মধ্যে ৮টি সমঝোতা স্মারক (চুক্তি) সই হয়েছে এবং নেপালের জন্য ১৫ হাজার কোটি ভারতীয় রুপির (২৪ হাজার কোটি নেপালি রুপি) একটি বিশাল উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে ভারত।
সোমবার (২৩ নভেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব সমঝোতা স্মারক সই হয়।
চুক্তির আওতায় ফরেনসিক বিজ্ঞান, নিরাপত্তা, স্বাস্থ্য, স্যাটেলাইট যোগাযোগ, নগর উন্নয়ন, ঐতিহ্যবাহী চিকিৎসা, কৃষি ও মৎস্য খাতে সহযোগিতার বিষয়গুলো রয়েছে।
সমঝোতা স্মারকগুলোর মধ্যে গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি এবং নেপাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতার চুক্তি রয়েছে। এ ছাড়া ভারতের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় এবং নেপালের ন্যাশনাল পুলিশ একাডেমির মধ্যেও একটি চুক্তি হয়েছে।
নেপালের সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি চালুর বিষয়েও সমঝোতা হয়েছে। এ ক্ষেত্রে ভারতের ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স, প্রশাসনিক সংস্কার ও জনঅভিযোগ বিভাগ এবং নেপালের প্রশাসনিক স্টাফ কলেজ যৌথভাবে কাজ করবে।
এ ছাড়া আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতি, টেকসই নগর উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসা এবং প্রাণিসম্পদ ও মৎস্য খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।
দক্ষিণ এশিয়া স্যাটেলাইট ব্যবহারের জন্য স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনেও একটি চুক্তি করেছে দুই দেশ। এ বিষয়ে নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এবং ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীদারত্ব আরও জোরদার করাই এসব চুক্তির মূল লক্ষ্য।
এর আগে দ্বিপক্ষীয় বৈঠকের পর নেপালের দারচুলা ও ভারতের ধরচুলার মধ্যে একটি সড়ক সেতু এবং মোতিহারি-আমলেখগঞ্জ পেট্রোলিয়াম পাইপলাইন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের যৌথ উদ্বোধন করেন বালেন্দ্র শাহ ও নরেন্দ্র মোদি।
নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত বৈঠকের পর ভার্চ্যুয়াল অনুষ্ঠানে দুই নেতা আরও তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এগুলো হলো ভারতের উত্তরাখণ্ডের বানবাসায় সমন্বিত চেকপোস্ট, নেপালের ঝাপায় পরিবেশবান্ধব নতুন পেট্রোলিয়াম সংরক্ষণাগার এবং ৬৬৯ মেগাওয়াটের লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্প।
এ ছাড়া নেপালের জনকপুর ধাম থেকে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যা ক্যান্টনমেন্ট পর্যন্ত নতুন যাত্রীবাহী ট্রেন সার্ভিস ‘সরযূ-কমলা এক্সপ্রেস’ ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
ভোরের আকাশ/আ.র