মিয়ানমারে ধারাবাহিক বিমান হামলা, দুই দিনে নিহত ৭০

মিয়ানমারে সামরিক বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় নারী-শিশুসহ অন্তত ৭০ জন নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন এলাকায় দুই দিনের ব্যবধানে চালানো এসব হামলায় আহত হয়েছেন আরও ৭০ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক, শিক্ষক ও শিশুও রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিরোধী গোষ্ঠী, উদ্ধারকর্মী এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ নভেম্বর পূর্বাঞ্চলীয় শান রাজ্যের পেখন এলাকার লে কিয়ি লোন গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। ওই সময় স্কুল ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরের কাছাকাছি এলাকায় যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়। এতে অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩০ জন আহত হন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
একই দিন রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরের দুটি আবাসিক এলাকায় পৃথক বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ২৪ জন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মী ওয়াই হুন অং। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়া ২৬ নভেম্বর মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের সিনবাউংওয়ে এলাকার ইন ইয়োন গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে স্কুল ও বৌদ্ধ মঠসংলগ্ন স্থাপনায় হামলা চালানো হয়।
ছায়া সরকার হিসেবে পরিচিত জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) বিবৃতি অনুযায়ী, ওই ঘটনায় শিক্ষক ও শিশুসহ প্রায় ২০ জন বেসামরিক নাগরিক এবং গণতন্ত্রপন্থী সশস্ত্র প্রতিরোধ বাহিনীর নয় সদস্য নিহত হন। আহত হন আরও ২১ জন।
এদিকে এনইউজির মুখপাত্র নে ফোন লাত জানিয়েছেন, হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা করছে তাদের সংগঠন। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে সংঘাত চলছে। সামরিক শাসনের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন পরবর্তী সময়ে সশস্ত্র প্রতিরোধে রূপ নেয়। বর্তমানে দেশটির বিভিন্ন অঞ্চলে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলে স্থল অভিযান ও বিমান হামলা বাড়িয়েছে সামরিক সরকার। তবে সর্বশেষ হামলাগুলোর বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ/এম