ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য ব্যর্থ হয়েছে: আইআরজিসি প্রধান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ও কৌশলগত লক্ষ্য ব্যর্থ হয়েছে এবং তারা সব ফ্রন্টে পরাজিত ও অচল হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তেহরানে ইমাম খোমেনির মাজারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
বক্তব্যে আহমদ ওয়াহিদি বলেন, ইরানের বিরুদ্ধে একাধিক লক্ষ্য নিয়ে তৎপরতা চালিয়েছে শত্রুপক্ষ। এর মধ্যে রয়েছে ইসলামি প্রজাতন্ত্রের সরকার উৎখাত, দেশের অখণ্ডতা বিনষ্ট করা, উপকূলীয় অঞ্চল দখল, অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি এবং দেশের ভেতরে অস্থিরতা উসকে দেওয়া।
তবে এসব পরিকল্পনার কোনোটিই বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে দাবি করেন আইআরজিসি প্রধান। তার মতে, ইরানের জনগণের দৃঢ় অবস্থান ও প্রতিরোধের কারণে প্রতিপক্ষের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির সমীকরণেও পরিবর্তন এসেছে।
আন্তর্জাতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, নিজেদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক শক্তি মনে করলেও ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে অন্য দেশগুলোর সহযোগিতা চেয়েছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশও এ প্রচেষ্টায় প্রকাশ্যে যুক্ত হতে অস্বীকৃতি জানিয়েছে।
আহমদ ওয়াহিদি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে নতুন সামাজিক, রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক সমীকরণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইরানের জনগণ।
তিনি দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন কৌশলে প্রতিপক্ষ একের পর এক ব্যর্থতার মুখে পড়েছে। অন্যদিকে, ইরানের অবিচল অবস্থানের কারণে দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে প্রতিপক্ষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
ভোরের আকাশ/আ.র