মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল

সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যকার ত্রিপক্ষীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ প্রথম মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদে অবস্থিত এই জোটের জেনারেল সেক্রেটারিয়েটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোমান মাহমুদ।
এর আগে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনীর ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করা এই কর্মকর্তা ২০২৩ সালে অবসরে যান।
গত আগস্টে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে’ স্বাক্ষর করেন।
সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা জোরদারের পাশাপাশি নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করাই এই চুক্তির মূল লক্ষ্য।
চুক্তির শর্ত অনুযায়ী, স্বাক্ষরকারী যেকোনো একটি রাষ্ট্রের ওপর আক্রমণ হলে তা সব সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ হিসেবেই গণ্য করা হবে।
ভোরের আকাশ/এম