আফগানিস্তানে চলতি বছরে মাইন বিস্ফোরণে শিশুসহ ২৫৭ জনের মৃত্যু

চলতি বছরে আফগানিস্তানে স্থলমাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণে অন্তত ২৫৭ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষর তথ্যানুযায়ী, হতাহতদের অধিকাংশই শিশু।
সোমবার (২৩ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য প্রকাশ করেছে। একই তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম আইএএনএস ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনেও উঠে এসেছে।
কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে মাইন ও অবিস্ফোরিত বিস্ফোরকের কারণে মোট ৩৪৪ জন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫৭ জন নিহত এবং ৮৭ জন আহত। নিহতদের মধ্যে ১৮৯ জন শিশু। আহতদের মধ্যে শিশুর সংখ্যা ৭৩। অর্থাৎ এসব বিস্ফোরণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে শিশুরা।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখনো মাইন ও অবিস্ফোরিত গোলার উপস্থিতি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে রয়েছে।
সর্বশেষ প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে গত রোববার সন্ধ্যায় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের শিরিন তাগাব জেলায়। সেখানে অবিস্ফোরিত একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে এক নারী ও এক শিশু গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুল্লাহ মুরাদির বরাত দিয়ে চীনের বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের ৯০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা এখনো মাইন ও অবিস্ফোরিত গোলার ঝুঁকিতে রয়েছে। এসব বিস্ফোরক কৃষিজমি, বসতবাড়ি ও চলাচলের পথেও সাধারণ মানুষের জন্য বিপদ তৈরি করছে।
তবে পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে মাইন অপসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সার-ই-পুল প্রদেশকে যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক থেকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে বামিয়ান প্রদেশকেও একইভাবে ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়েছিল। ফলে সার-ই-পুল দেশটির দ্বিতীয় প্রদেশ হিসেবে এ স্বীকৃতি পেল।
আফগানিস্তানে মাইন ও অবিস্ফোরিত গোলার বিস্তারের পেছনে রয়েছে কয়েক দশকের সংঘাত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর একই বছরের অক্টোবরে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রায় দুই দশক ধরে দেশটিতে যুদ্ধ চলে।
২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে দীর্ঘ যুদ্ধের অবসান ঘটে এবং তালেবান পুনরায় ক্ষমতায় ফিরে আসে। কিন্তু যুদ্ধের সময় বিভিন্ন এলাকায় পুঁতে রাখা মাইন ও অবিস্ফোরিত গোলা এখনো পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি।
ফলে সংঘাত শেষ হওয়ার পাঁচ বছর পরও এসব বিস্ফোরক আফগানিস্তানের সাধারণ মানুষের জন্য প্রাণঘাতী ঝুঁকি হয়ে রয়েছে। বিশেষ করে শিশুরা এসব বিস্ফোরণের শিকার হওয়ায় দেশটির মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
ভোরের আকাশ/আ.র