বাংলাদেশে পাঠানোর জন্য ১ লাখ টন চাল কিনতে চায় পাকিস্তান

বাংলাদেশে সরবরাহের জন্য দেশের অভ্যন্তরীণ বাজার থেকে ১ লাখ টন চাল কেনার লক্ষ্যে একটি টেন্ডার আহ্বান করেছে পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি)।সোমবার (২৪নভেম্বর) এই দরপত্রের বিষয়টি প্রকাশ্যে এসেছে বলে দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।
কয়েক দশকের অস্থির সম্পর্কের পর ২০২৪ সালের আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে ইসলামাবাদ-ঢাকা সম্পর্ক উন্নত হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে।
জারি করা টিসিপি'র টেন্ডার অনুসারে, মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর।
এতে বলা হয়েছে, করাচি বন্দর দিয়ে ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রপ্তানির লক্ষ্যে ১ লাখ টন লম্বা দানার সাদা চাল (IRRI-6) কেনার জন্য কোম্পানি, অংশীদারিত্ব এবং একক মালিকদের কাছ থেকে পৃথক সিল করা দরপত্র আহ্বান করা হচ্ছে।
দরপত্রে আরও বলা হয়, চাল পাকিস্তানের সর্বশেষ ফসলের মজুদ থেকে সরবরাহ করা উচিত। কোনো অপ্রীতিকর গন্ধ, ছত্রাকের চিহ্ন, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড়ের আক্রমণ ছাড়াই মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত হতে হবে।
বাংলাদেশ গত ফেব্রুয়ারিতে ৫০ হাজার টন চাল আমদানির মাধ্যমে পাকিস্তান থেকে বাণিজ্য শুরু করে।গত মাসে চীনসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ঢাকার বাণিজ্য সহজতর করতে পাকিস্তান করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দেয়।
ভোরের আকাশ/তা.কা