লিবিয়ায় চালু হলো নতুন গ্যাসক্ষেত্র

জ্বালানি সরবরাহ বাড়াতে নতুন একটি গ্যাসক্ষেত্র চালু করেছে লিবিয়া। দেশটির পূর্বাঞ্চলীয় শহর ব্রেগার দক্ষিণে অবস্থিত আল রাশাদ গ্যাসক্ষেত্রটির দৈনিক উৎপাদন সক্ষমতা ৫ কোটি ঘনফুট। বিদ্যুৎকেন্দ্র ও শিল্প খাতে গ্যাসের চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার লিবিয়ার জাতীয় তেল করপোরেশন (এনওসি) এক বিবৃতিতে জানায়, দেশটির প্রথম অপরিশোধিত তেল রপ্তানির ৬৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাসক্ষেত্রটি চালুর ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান মাসউদ সুলেইমান।
তিনি বলেন, ক্ষেত্রটি থেকে প্রতিদিন সর্বোচ্চ ৫ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব। এই গ্যাসক্ষেত্রের উৎপাদন শুরু হওয়া তেল ও গ্যাস খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি গ্যাসের সরবরাহ বাড়াবে এবং বিদ্যুৎকেন্দ্র ও শিল্প খাতের চাহিদা পূরণে সহায়তা করবে।
নিষেধাজ্ঞার চাপে খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন ইরানিরা, স্বীকার পেজেশকিয়ানের
১৯৬১ সালের ২৫ অক্টোবর ব্রেগা তেল টার্মিনাল দিয়ে প্রথমবারের মতো অপরিশোধিত তেল রপ্তানি করে লিবিয়া। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে দেশটির অপরিশোধিত তেল রপ্তানির যাত্রা শুরু হয়।
লিবিয়ার জাতীয় তেল করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিদিন প্রায় ২৪০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হয়। আর প্রমাণিত গ্যাসের মজুতের পরিমাণ ৫৩ ট্রিলিয়ন থেকে ৮০ ট্রিলিয়ন ঘনফুট বলে বিভিন্ন হিসাবে উল্লেখ করা হয়েছে।
পাইপলাইনের মাধ্যমে ইউরোপে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে লিবিয়া। একই সঙ্গে দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের চাহিদা মেটাতেও এই গ্যাস ব্যবহার করা হয়। সূত্র : আনাদোলু এজেন্সি
ভোরের আকাশ/এম