ভারতের সীমান্তরক্ষীর গুলিতে ২ পাকিস্তানি নিহত

ভারত-পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তান নিরাপত্তা সূত্রের বরাতে এ খবর নিশ্চিত করে।
শনিবার (৩ অক্টোবর) আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ভুক্তভোগী তিন ব্যক্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর জেলার বাসিন্দা।তারা সীমান্ত পিলার অতিক্রম করে কয়েক কদম এগোতেই কোনো প্রকার পূর্ব সতর্কতা ছাড়াই বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই তিনজনের কেউই সীমান্ত বেড়া (ফেন্সিং) অতিক্রম করার চেষ্টা করেননি। তারা সম্পূর্ণ নিরস্ত্র ছিলেন। সীমান্তে এ হতাহতের ঘটনা নিয়ে উভয় দেশের সরকারি পর্যায়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা মন্তব্য পাওয়া যায়নি।
তবে ভারতীয় গণমাধ্যমগুলো এই ঘটনাকে বিএসএফের তৎপরতায় ব্যর্থ হওয়া ‘অনুপ্রবেশের চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছে।
ভোরের আকাশ/ইউএম