হরমুজ প্রণালিতে বিস্ফোরক ডিভাইস দিয়ে ট্যাংকারে হামলা চালানো হয়: ইউকেএমটিও

হরমুজ প্রণালিতে বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। তবে জাহাজটির নাবিকেরা নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও)।
এক সতর্কবার্তার ইউকেএমটিও জানায়, ওমানের খাসাব থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় একটি ছোট নৌকা ট্যাংকারটির বাম পাশ দিয়ে কাছে আসে এবং পানির ওপরের অংশে জাহাজের গায়ে দুটি বিস্ফোরক ডিভাইস স্থাপন করে। এরপর বিস্ফোরণে জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। এতে সাময়িকভাবে অচল হয়ে পড়ে ট্যাংকারটি।
ইউকেএমটিও জানায়, জাহাজের নাবিকেরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ট্যাংকারটি আবার যাত্রা শুরু করে এবং নির্ধারিত পরবর্তী বন্দরের দিকে রওনা হয়।
সংস্থাটি আরও জানায়, এ ঘটনায় পরিবেশের কোনো ক্ষতি হয়নি। হামলার বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে ওই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে তা কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/ইউএম