ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১

ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের বিমান হামলার ফলে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় আরও ৬০ জন আহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আকস্মিক হামলা চালানো হয়। এই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি, মাসুদ পেজেশকিয়ান, একাধিক মন্ত্রী এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করা হয়েছে।
সঙ্গে বিভিন্ন বেসামরিক অবকাঠামোতেও হামলা চালায় তারা। অন্যান্য জায়গায় কতজন হতাহত হয়েছেন সেটি এখনো জানা যায়নি। তবে শুধুমাত্র একটি স্কুলেই ৫১ জনের মৃত্যু হলো।
মিনাব শহরের সরকারি কর্মকর্তা মোহাম্মদ রেদমেহের বলেছেন, ইসরায়েল স্কুলটিতে সরাসরি হামলা চালিয়েছে। হামলার সময় সেখানে ১৭০ জনের বেশি শিক্ষার্থী ছিল। সেখানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আর বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সূত্র: আলজাজিরা
ভোরের আকাশ/এনএস