আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ

তালেবান সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানে আফিম উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের তুলনায় দেশটিতে পোস্ত চাষের জমির পরিমাণ ৩৩০ শতাংশ বেড়েছে এবং আফিম উৎপাদন পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫০০ টনে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, ২০২২ সালে তালেবান পোস্ত চাষ নিষিদ্ধ করার পর আফগানিস্তানে পোস্ত চাষ ও আফিম উৎপাদনে এটিই প্রথম উল্লেখযোগ্য বৃদ্ধি।
ইউএনওডিসি জানিয়েছে, জীবিকা নির্বাহের তাগিদে দেশটির কিছু দরিদ্র কৃষক আবারও পোস্ত চাষে ফিরে গেছেন। আফিম তৈরির প্রধান কাঁচামাল হলো পোস্তগাছের আঠালো নির্যাস।
কয়েক দশক ধরে আফগানিস্তান ছিল বিশ্বের অবৈধ আফিমের সবচেয়ে বড় উৎস। নিষেধাজ্ঞা জারির আগে বিশ্বে সরবরাহ করা মোট অবৈধ আফিমের প্রায় ৮০ শতাংশ আসত দেশটি থেকে।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এর পরের বছর, ২০২২ সালের এপ্রিলে ধর্মীয় কারণ দেখিয়ে পোস্ত চাষসহ সব ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করে তালেবান সরকার। তবে নতুন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, নিষেধাজ্ঞার পরও দেশটিতে পোস্ত চাষ ও আফিম উৎপাদন আবারও বেড়েছে।
সূত্র: বিবিসি
ভোরের আকাশ/এনএস