সৌদিতে এক সপ্তাহে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার ৭৮৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ থেকে ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে তাদের আটক করা হয় বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ১০ হাজার ৭৮৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ৫ হাজার ৭১৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ২ হাজার ৭৯৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ২৬৮ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।
মন্ত্রণালয় বলেছে, বর্তমানে দেশটিতে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৭৩০ জন পুরুষ ও ২ হাজার ২১১ জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২৩ হাজার ২৫০ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
একই সময়ে মোট ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি নিরাপত্তা বাহিনী সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৩৭৩ জনকে আটক করেছে।
একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ২৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৪ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলে, কেউ যদি সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তা করেন, দেশের অভ্যন্তরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন করেন, আবাসন বা অন্য কোনো ধরনের সহায়তা ও সেবা প্রদান করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের অপরাধীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া, আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজোপ্ত করা হতে পারে।
ভোরের আকাশ/আ.র