ইরানি প্রেসিডেন্টের নিরাপত্তায় মার্কিন সিক্রেট সার্ভিস

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
মার্কিন কর্মকর্তারা জানান, ইরানি প্রতিনিধিদলের অন্য কর্মকর্তাদের নিরাপত্তায় কাজ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস।
পেজেশকিয়ানসহ ইরানি প্রতিনিধিদলের সদস্যদের নিরাপত্তায় এসব ফেডারেল নিরাপত্তা সংস্থাকে সহায়তা করছে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ইন্টেলিজেন্স ব্যুরোর সদস্যরা। তাদের সঙ্গে এনওয়াইপিডির গোয়েন্দা কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রয়েছে হাইওয়ে প্যাট্রোলের গাড়িবহর।
জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরান কয়েক দশক ধরে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আসছে। এবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
তবে এবারের অধিবেশনে ইরানের প্রতিনিধিদলের উপস্থিতি আগের বছরগুলোর তুলনায় আলাদা গুরুত্ব বহন করছে। কারণ, যে দেশটিতে জাতিসংঘের এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, সেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান বর্তমানে যুদ্ধে রয়েছে।
এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট ও প্রতিনিধিদলের নিরাপত্তায় মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর সরাসরি দায়িত্ব পালন সাম্প্রতিক বছরগুলোর নজিরবিহীন পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: সিএনএন
ভোরের আকাশ/এনএস