রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন ধোঁয়া, বহু ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ডিপোর আরামকো ফুয়েল ট্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে বিমান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদের স্থানীয় বাসিন্দারা বিমানবন্দরের দিক থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের শিখা আকাশে উঠতে দেখেন।
এর ফলে, বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে বলে জানিয়েছে বিমান ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪। এতে বলা হয়েছে, রিয়াদের বিমানবন্দরে বড় ইস্যু তৈরি হয়েছে, যার কারণে এমন বিঘ্ন ঘটেছে।
ফ্লাইটরাডার২৪ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে তাদের ওয়েবসাইটে ফ্লাইট ডিসরাপশন ইনডেস্ক ৫.০-তে রেখেছে। যার অর্থ বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বের বড় সমস্যা দেখা দিয়েছে।
হঠাৎ কেন এই অগ্নিকাণ্ড কিংবা ঠিক কোন জায়গাটিতে এটি ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। ঘটনাটির পরপরই সৌদি সরকারি তথ্য দপ্তরের কাছে কারণ জানতে চাওয়া হয়েছিল। তবে তাদের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। কোনো হামলা নাকি সাধারণ দুর্ঘটনা—কিসের থেকে এই আগুন, তা জানতে সবাই এখন সরকারের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় রয়েছে।
ভোরের আকাশ/আ.র