সৌদি হামলায় ইয়েমেনে হতাহত ১০৩৯

ইয়েমেনে সৌদি আরবের অব্যাহত বিমান হামলা ও সামরিক অভিযানে মোট ১ হাজার ৩৯ জন নিহত ও আহত হয়েছেন। ইয়েমেনের হুতি-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (৮ নভেম্বর) এই তথ্য জানিয়েছে।
এদিকে সানা প্রদেশে বসতবাড়িতে চালানো বিমান হামলার পর ধ্বংসস্তূপ থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী জানান, সানা প্রদেশের বানি হুশাইশ জেলার আল-শারিয়াহ গ্রামে বেসামরিক লোকজনের বাড়িতে সৌদি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন। প্রাথমিক হিসাবে এ সংখ্যা জানানো হয়েছে।
তিনি বলেন, সৌদি যুদ্ধবিমানের হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর ধ্বংসস্তূপের নিচ থেকে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার সময় সৌদি যুদ্ধবিমান উদ্ধারকর্মী ও চিকিৎসা দলের সদস্যদেরও লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলার আল-হাদারাহ বাজারে সৌদি বিমান হামলায় ৩০ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। তবে এই সংখ্যা চূড়ান্ত নয়।
তার ভাষ্য অনুযায়ী, গত আট দিনে তাইজ প্রদেশে সৌদি হামলায় ১৯৯ জন নিহত ও আহত হয়েছেন। এতে গত ১৩ জুলাই থেকে ইয়েমেনে সৌদি হামলা ও সামরিক অভিযানে মোট হতাহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯ জনে।
ভোরের আকাশ/আ.র