দিনে ভ্যাপসা গরম, রংপুর-রাজশাহীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা

দেশের অধিকাংশ এলাকায় আগামী কয়েক দিন দিনে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ে গরমের অনুভূতি তুলনামূলক বেশি থাকতে পারে। তবে রাতের আবহাওয়া স্বস্তিদায়ক থাকতে পারে বলে পূর্বাভাসে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় এক থেকে তিন দফা বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের কিছু কিছু স্থানে হঠাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। তবে দিনের বেশিরভাগ সময় দেশের আবহাওয়া তুলনামূলক ভালো থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ১২ অক্টোবরের পর দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। ফলে দিনের বেলায় ভ্যাপসা গরমের অনুভূতি থাকলেও বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সাগরে কোনো আবহাওয়া ব্যবস্থা বা লঘুচাপ সৃষ্টি হয়ে তার সরাসরি কিংবা দূরবর্তী প্রভাব দেশের ওপর পড়লে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে নতুন করে বৃষ্টির সম্ভাবনাও বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি কোথায় ও কীভাবে প্রভাব ফেলবে, তা পরবর্তী আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করবে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত পূর্বাভাস পাওয়া যাবে।
এদিকে দিনে কমবেশি ভ্যাপসা গরম থাকলেও রাতে তীব্র গরমের অনুভূতি নাও থাকতে পারে। বিশেষ করে মধ্যরাত থেকে ভোরের দিকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে এসে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক হয়ে উঠতে পারে।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে দিনের বেলায় প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় বাইরে অবস্থান না করা এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বজ্রবৃষ্টির সময় দমকা বাতাস ও বজ্রপাতের ঝুঁকি থাকায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/জেআ