চাকসু নির্বাচন
বাছাই শেষে ৪১০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ৪১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) চাকসুর ওয়েব সাইটে এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। মনোনয়ন জমাদানকারীদের মধ্যে ভিপি পদে ২৩ জন, জিএস এবং এজিএস পদে ২১ জন করে প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ তিনটি পদে যথাক্রমে ২৫ ও ২২ জন করে মনোনয়ন জমা দিয়েছিলেন।
চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৯ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা পুনরায় যাচাই বাছাইয়ের আবেদন করতে পারবে। প্রধান তিনটি পদ ছাড়া অন্যান্য পদের মধ্যে খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সাম্পাদক পদে ১২, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬, দপ্তর সম্পাদক পদে ১৮, সহ-দপ্তর সম্পাদক পদে ১৩, ছাত্রীদের জন্য বরাদ্দ দুইটি পদের একটি ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১২, সহ ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১১, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ১১, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ১৩, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ২০, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে ১৭ জন করে, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে ১৬, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ২০ জন, সহ যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ১১ পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পাঁচটি নির্বাহী সদস্য পদের বিপরীতে ফরম জমা পড়া ৮৪টির মধ্যে ৮০ ফরম বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে ৫২৯ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এরমধ্যে ৪২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচনি তফসিল অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং পর দিন প্রার্থীতা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি অনুষ্ঠি হবে। এরপর ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর। সরকার দলীয় ছাত্র সংগঠনবিহীন এ নির্বাচনে ছাত্রদল একক এবং ইসলামী ছাত্র শিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেল দিয়েছে। ‘দ্রোহ পর্ষদ’ নামে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে ইসলামী ছাত্র আন্দোলন, বিভিন্ন বাম ছাত্র সংগঠন ও পাহাড়ি ছাত্র পরিষদ সম্মিলিত ভাবে ‘বৈচিত্র্যের ঐক্যসহ’ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো গত রোববার পর্যন্ত মোট ১২টি প্যানেল ঘোষণা করেছে।
ভোরের আকাশ/এসএইচ