ফিফা আসিয়ান কাপ
সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশের, আগ্রাসী ফুটবলের বার্তা ডুলির

ফিফা এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর এবার জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান বাংলাদেশের কোচ থমাস ডুলি।
সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও সেটিকে গুরুত্ব দিতে নারাজ ডুলি। তাঁর কাছে গুরুত্বপূর্ণ হলো নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারা এবং শুরু থেকেই আগ্রাসী ফুটবল উপহার দেওয়া।
ডুলি বলেন, ‘সিঙ্গাপুর আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে কত ধাপ ওপরে, সেটা নিয়ে আমি মোটেও ভাবছি না। আমাদের ফুটবল খেলতে হবে, জয়ের জন্য খেলতে হবে। আমি ম্যাচটি জিততে চাই। এ নিয়ে কোনো প্রশ্নই নেই।’
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হারে নিজেদের ভুলেই বেশি হতাশ হয়েছেন ডুলি। তাঁর মতে, প্রতিপক্ষকে খেলায় ফেরার সুযোগ দেওয়া যাবে না। সিঙ্গাপুরের বিপক্ষে শুরু থেকেই চাপ তৈরি করে সামনে এগিয়ে খেলতে চান তিনি।
‘আমাদের আরও আগ্রাসী হতে হবে। প্রতিপক্ষের খেলোয়াড়ের বিপক্ষে, বলের বিপক্ষে। সামনে খেলতে হবে। বাংলাদেশকে নিয়ে আমি যে ধরনের ফুটবল খেলাতে চাই, এটা তারই অংশ,’ বলেন ডুলি।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক দুই ম্যাচের ফলও সুখকর নয়। দুটি ম্যাচেই বাংলাদেশ হেরেছে—একটিতে ২-১ ও অন্যটিতে ১-০ গোলে। তবে ওই দুই ম্যাচে বাংলাদেশেরও জয়ের সুযোগ ছিল বলে মনে করেন ডুলি। তাই এবার ভিন্ন মানসিকতা নিয়ে মাঠে নামতে চান তিনি।
এই টুর্নামেন্ট থেকে চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। মালয়েশিয়ার কাছে হারের পর সেই লক্ষ্য পূরণের সুযোগ নেই। তবে সিঙ্গাপুরকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। সেটিকেই এখন দলের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন কোচ।
ডুলি আরও জানিয়েছেন, ফিফা এশিয়ান কাপকে মূলত আগামী নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলে নিজেদের দুর্বলতা ও উন্নতির জায়গাগুলো চিহ্নিত করতে চান।
সিঙ্গাপুরের বিপক্ষে তাই প্রতিপক্ষের র্যাঙ্কিংয়ের চেয়ে নিজেদের খেলায় বেশি মনোযোগ দিতে চান বাংলাদেশের কোচ। তাঁর প্রত্যাশা, এবার মাঠে এমন বাংলাদেশকে দেখা যাবে যারা বলের দখল ও প্রতিপক্ষ—দুই ক্ষেত্রেই আগ্রাসী থাকবে।
ভোরের আকাশ/সু.পা