থাইল্যান্ডে বন্যা: বিমানবন্দরে দুই দিন ধরে আটকে বাংলাদেশের টিটি দল

এশিয়ান গেমসে কোনো ডিসিপ্লিনের খেলা শেষ হলে সাধারণত দ্রুত দেশে ফেরেন সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তারা। তবে থাইল্যান্ডে আকস্মিক বন্যার কারণে এবার ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশের টেবিল টেনিস (টিটি) ও কাবাডি দলের সদস্যরা। ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় টিটি দল দুই দিন ধরে এবং কাবাডি দল এক দিন ধরে বিমানবন্দরে আটকে রয়েছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবার নাগোয়া গেমসের জন্য অধিকাংশ টিকিট কেটেছে থাই ও ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের। থাইল্যান্ডে আকস্মিক বন্যার প্রভাবে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় দেশে ফিরতে পারছেন না দুই দলের সদস্যরা।
ব্যাংকক থেকে বাংলাদেশ দলের দুর্ভোগের কথা জানিয়েছেন টিটি দলের কোচ মোহসিনুল আলম ঝিনু। তিনি বলেন, ‘আমরা গত দুই দিন ধরে বোর্ডিং গেটের সামনে বসে রয়েছি। বেশ কয়েকবার থাই এয়ারওয়েজ ফ্লাইটের শিডিউল দিয়ে যায়নি। প্রথম দিন সবাইকে প্রতি বেলা ৪০০ বাথ করে দিয়েছিল। গতকাল থেকে সেটাও দিচ্ছে না। রাতে চেয়ারে বসেই পার করতে হচ্ছে।’
গত পরশু আকস্মিক বন্যায় ব্যাংককের জনজীবন স্থবির হয়ে পড়ে। এর প্রভাব পড়ে বিমান চলাচলেও। তবে টিটি দলের কোচের দাবি, বাংলাদেশ বিমান ও ইউএস-বাংলার ফ্লাইট চলাচল করছে। তিনি বলেন, ‘মূলত থাই এয়ারওয়েজ যাচ্ছে না। আমরা অন্য এয়ারলাইনসে টিকিট পরিবর্তন করে দিতে বললেও দিচ্ছে না।’
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘আমরা প্রতিনিয়ত কাবাডি ও টিটি দলের সঙ্গে যোগাযোগ করেছি। থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসও এ বিষয়ে অবহিত। ফ্লাইট পরিবর্তনের চেষ্টা চলছে।’
তবে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এখনো দুই দলের কাছে উল্লেখযোগ্য কোনো বার্তা বা সহযোগিতা পৌঁছানোর তথ্য জানা যায়নি।
আকস্মিক বন্যার কারণে দুই দিন ধরে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে আটকে রয়েছেন টিটি খেলোয়াড় রামহিম লিয়ান বম, ইমরুল কায়েস ইমন, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুসি। তাঁদের সঙ্গে রয়েছেন দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু।
অন্যদিকে, দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় দেশে ফিরতে পেরেছেন।
ভোরের আকাশ/সু.পা