ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়, উচ্ছ্বসিত স্পেন কোচ

ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয় দিয়ে উয়েফা নেশনস লিগের যাত্রা শুরু করেছে স্পেন। ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় তুলে নেয় লা রোহারা। কঠিন লড়াইয়ের পর পাওয়া এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। শেষ বাঁশি পর্যন্ত দলের লড়াই করার মানসিকতায় সন্তুষ্ট তিনি।
ম্যাচ শেষে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা ম্যাচের ফলাফল ও পারফরম্যান্সে খুবই সন্তুষ্ট। কারণ, আমরা পুরো বিশ্বকে দেখিয়েছি যে আমাদের বড় উচ্চাকাঙ্ক্ষা ও জেতার জন্য তীব্র ইচ্ছা রয়েছে। এটা সত্যি যে আমাদের কিছু কঠিন সময় পার করতে হয়েছে। কিন্তু এটা ইংল্যান্ড।’
পিছিয়ে পড়েও জয় তুলে নেওয়ার মধ্য দিয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে স্পেন। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার বিষয়ে স্প্যানিশ কোচ বলেন, ‘বিরতির সময় আমরা নিজেদের মধ্যে কথা বলেছিলাম। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল এবং আমরা তিনটি পরিষ্কার সুযোগ পেয়েছিলাম। আমরা প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছি যে এই দল কখনোই হাল ছাড়ে না এবং আমাদের জয় থামানোর কোনো ইচ্ছাই নেই।’
দলের স্কোয়াডের গভীরতা নিয়েও গর্ব প্রকাশ করেন দে লা ফুয়েন্তে। বেঞ্চে থাকা বিকল্প খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, ‘এই খেলোয়াড়দের পেয়ে আমি ভাগ্যবান। যেকোনো খেলোয়াড়ই মাঠে নেমে প্রস্তুত থাকতে পারে। আসল বিষয় হলো খেলায় পরিবর্তন আনার চেষ্টা করা। ওদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে।’
ভোরের আকাশ/সু.পা