বিশ্বকাপে কে কোন পুরস্কার পেল

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের পর্দা নামার সঙ্গে সঙ্গে শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর আসর। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্টের বেশিরভাগ ব্যক্তিগত পুরস্কারও জিতে নিয়েছে স্প্যানিশ ফুটবলাররা।
গোল্ডেন বল রদ্রির হাতে
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি। পুরো বিশ্বকাপে মাঝমাঠ নিয়ন্ত্রণে অসাধারণ নৈপুণ্য দেখান তিনি। ৮ ম্যাচে ৭২৬ মিনিট খেলে ৬৯২টি সফল পাস দেন, যেখানে তার পাস সফলতার হার ছিল ৯৪ শতাংশ। স্পেনের শিরোপা জয়ে তার অবদান ছিল অনন্য।
টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট এমবাপ্পের
টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমে টানা দ্বিতীয় বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের কৃতিত্ব গড়েন তিনি। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের মালিকও হয়েছেন এই ফরাসি তারকা।
গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস উঠেছে স্পেনের উনাই সিমনের হাতে। পুরো টুর্নামেন্টে তিনি ৮ ম্যাচে ৭টি ক্লিনশিট রাখেন এবং মাত্র একটি গোল হজম করেন। প্রায় ৫৫০ মিনিট প্রতিপক্ষকে গোলবঞ্চিত রেখে স্পেনের রক্ষণভাগকে শক্তিশালী ভিত্তি এনে দেন তিনি।
সেরা উদীয়মান খেলোয়াড় পাউ কুবারসি
বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবারসি। পুরো টুর্নামেন্টে তার বিপক্ষে প্রতিপক্ষ মাত্র একটি গোল করতে সক্ষম হয়। এছাড়া তিনি ৩৩ বার সফলভাবে বল ক্লিয়ার করে রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ফাইনালের সেরা ফেরান তোরেস
বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে তার করা একমাত্র গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড নেদারল্যান্ডসের
টুর্নামেন্টে সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে নেদারল্যান্ডস। যদিও দলটি রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নেয়, তবুও মাঠে শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই সম্মান অর্জন করে।
ভোরের আকাশ/জেআ