চ্যাম্পিয়নস লিগে রোনালদোর আল নাসরের বড় হার

ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন আল নাসরের শুরুর একাদশে, নেতৃত্বও দিয়েছেন সামনে থেকে। কিন্তু অধিনায়কের উপস্থিতি সত্ত্বেও দলকে বড় হার থেকে রক্ষা করতে পারেননি তিনি। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে নিজেদের প্রথম ম্যাচেই আল আইনের কাছে ৪-০ গোলে হেরেছে আল নাসর।
ম্যাচের ২৫তম মিনিটে হুসাইন রাহিমির গোলে এগিয়ে যায় আল আইন। বিরতির আগে সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি আল নাসর।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আল আইন। ৬৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হুসাইন রাহিমি। ৭২তম মিনিটে সুফিয়ান রাহিমি তৃতীয় গোল করলে ম্যাচ থেকে আল নাসরের ঘুরে দাঁড়ানোর আশা কার্যত শেষ হয়ে যায়। এরপর ৮০তম মিনিটে জর্জিওস গিয়াকুমাকিস গোল করে আল আইনের জয় ৪-০ নিশ্চিত করেন।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর সৌদি ক্লাবটির হয়ে এটি রোনালদোর সময়ের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে সৌদি প্রো লিগে আল হিলালের কাছে ৩-০ গোলে এবং ২০২৪ সালের আগস্টে সৌদি সুপার কাপে একই প্রতিপক্ষের কাছে ৪-১ গোলে হেরেছিল আল নাসর।
তবে রোনালদোর ব্যক্তিগত ক্যারিয়ারে ৪-০ গোলের হার সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় নয়। এর আগে ২০২২ সালের আগস্টে ব্রেন্টফোর্ডের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-০ গোলে হেরেছিল। তারও আগে ২০২১ সালের অক্টোবরে লিভারপুলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড ৫-০ এবং ২০১০ সালের নভেম্বরে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদও ৫-০ গোলে হেরেছিল রোনালদোর উপস্থিতিতে।
আল আইনের কাছে এই হার তাই আল নাসরের জন্য যেমন হতাশার, তেমনি রোনালদোর সৌদি আরব অধ্যায়েরও অন্যতম বড় ধাক্কা।
ভোরের আকাশ/সু.পা