শামীমের ঝড়ো ফিফটি, এইচপি’র হ্যাটট্রিক জয়

ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাঁহাতি ব্যাটার শামীম পাটোয়ারী। অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ২ রান। আর শামীমের ফিফটি পূর্ণ করতে দরকার ছিল ৫ রান। অ্যানলিজার্কের করা বাউন্সার ছেড়ে দেন শামীম। পরের বলটি স্লটে পেয়ে মিডউইকেট দিয়ে বিশাল ছক্কা হাঁকান তিনি। তাতেই নিজের অর্ধশতক পূর্ণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন এই ব্যাটার।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই তিন ব্যাটার সাজঘরে ফেরেন। এরপর আগের ম্যাচে ফিফটি করা সাব্বির রহমানও আউট হয়ে যান। হাবিবুর রহমান সোহান শূন্য, জিসান আলম ১১, আরিফুল ইসলাম ১৫ এবং সাব্বির রহমান ৫ রান করেন।
দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে ঘুরে দাঁড় করান অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম পাটোয়ারী। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৮৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। সেই জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ।
৩২ বলে ৪৩ রান করে শুক্কুর ফিরলেও শামীম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫১ রানে। আব্দুল গাফফার সাকলাইন ৬ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ এইচপির অধিনায়ক ইরফান শুক্কুর। বাংলাদেশের স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি। অস্ট্রেলিয়ান ক্লাবটির হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক স্যাম হারপার। জাতীয় দলে খেলা সাদারল্যান্ডের ব্যাট থেকে আসে ৩০ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ রুবেল। তিনি নেন ৪ উইকেট। রাকিবুল হাসান শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল একটি করে উইকেট নেন। এই জয়ের মধ্য দিয়ে ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচ জিতল বাংলাদেশ এইচপি।
ভোরের আকাশ/সু.পা