রাফিনিয়া ভাঙলেন মেসির রেকর্ড, বার্সেলোনার নতুন ইতিহাস

রাফিনিয়া-লামিনে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে লা লিগায় দুর্বার গতিতে ছুটছে বার্সেলোনা। নিজেদের প্রথম ছয় ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে এরই মধ্যে ২৮ গোল করেছে বর্তমান চ্যাম্পিয়নরা, যা ক্লাবটির ইতিহাসে প্রথমবারের ঘটনা। শুধু তাই নয়, বার্সেলোনার আক্রমণভাগে রাফিনিয়া-ইয়ামালের রসায়নও গড়ছে নতুন রেকর্ড।
বুধবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রেসিং স্যান্টান্ডারকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে জয়ে বড় অবদান রাখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। এ ছাড়া জোয়াও ক্যানসেলো, গ্যাব্রিয়েল জেসুস ও লামিনে ইয়ামাল একটি করে গোল করেন।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়া এবার পেছনে ফেলেছেন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসিকেও। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম সাত ম্যাচে রাফিনিয়ার গোল ১১টি। সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। অর্থাৎ সাত ম্যাচেই ১৪ গোলে সরাসরি অবদান রেখেছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এর আগে ২০১২-১৩ মৌসুমে বার্সেলোনার জার্সিতে প্রথম সাত ম্যাচে ১০ গোল করেছিলেন মেসি। ফলে বার্সার হয়ে মৌসুমের শুরুতে প্রথম সাত ম্যাচে গোলের হিসাবে আর্জেন্টাইন কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন রাফিনিয়া।
লা লিগার প্রথম ছয় ম্যাচের হিসাবেও রাফিনিয়া ছুঁয়েছেন মেসির রেকর্ড। ২০১৭-১৮ মৌসুমে প্রথম ছয় ম্যাচে মেসি করেছিলেন ৯ গোল। এবার সমানসংখ্যক ম্যাচে রাফিনিয়ার গোলও ৯টি।
রাফিনিয়ার সঙ্গে ইয়ামালের রসায়নও নজরকাড়া। চলতি লা লিগায় ইয়ামালের গোলসংখ্যা এখন ৭। অর্থাৎ দুজন মিলে করেছেন ১৬ গোল। স্প্যানিশ ফুটবলের পরিসংখ্যান অনুযায়ী, ৮৬ বছরের মধ্যে লা লিগায় কোনো দলের আক্রমণভাগের জুটির এটি সর্বোচ্চ গোলসংখ্যা। এর আগে ১৯৪০-৪১ মৌসুমে সেভিয়ার ক্যাম্পানাল ১২টি ও তোরেনতেগুই ৭টি গোল করে জুটি হিসেবে ১৯ গোলে অবদান রেখেছিলেন ছয় ম্যাচে।
এদিকে, লা লিগায় ছয় ম্যাচের সবকটিতে জয় পেয়েছে বার্সেলোনা। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা দলটি দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে।
রাফিনিয়া-ইয়ামাল ছাড়াও চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগায় গোল পেয়েছেন আরও ছয়জন। সবমিলিয়ে ছয় ম্যাচে কাতালান ক্লাবটির গোল ২৮টি, যা লা লিগার প্রথম ছয় ম্যাচে বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ।
সব প্রতিযোগিতা মিলিয়ে ফ্লিকের দল সাত ম্যাচে করেছে ৩৩ গোল। এর মধ্যে টানা পাঁচ ম্যাচে অন্তত পাঁচটি করে গোল করেছে বার্সেলোনা। পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, কোনো মৌসুমের শুরুতে টানা সাত ম্যাচ জয়ের পাশাপাশি অন্তত ৩৩ গোল করার কীর্তি ১১১ বছর ধরে বার্সেলোনার ছিল না।
স্প্যানিশ লিগের ইতিহাসেও নতুন নজির গড়েছে কাতালান ক্লাবটি। লা লিগার প্রথম ছয় ম্যাচে শতভাগ জয় ও অন্তত ২৮ গোল করার কীর্তি এর আগে কোনো দলের ছিল না।
ভোরের আকাশ/সু.পা