ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টারের লজ্জার হার

দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ৩-২ ব্যবধানে হেরে কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে রেড ডেভিলরা। এমন হতাশাজনক হারের পর ঘরের মাঠে নিজেদের সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।
ম্যানচেস্টার ডার্বিতে বিতর্কিত এক গোলে ম্যানচেস্টার সিটির কাছে হারের তিন দিন পরই আবার মাঠে নেমেছিল ইউনাইটেড। তবে ব্রাইটনের বিপক্ষেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি মাইকেল ক্যারিকের দল। বরং নিজেদের একাধিক ভুলে জেতা ম্যাচ হাতছাড়া করেছে তারা।
প্রিমিয়ার লিগ যুগে অর্থাৎ ১৯৯২-৯৩ মৌসুমের পর সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে দুই গোলের লিড নিয়েও এই প্রথম কোনো ম্যাচে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে ১৯৭৬ সালে টটেনহ্যামের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে এমন ঘটনা ঘটেছিল।
ব্রাইটনের বিপক্ষে অবশ্য স্বপ্নের শুরু পেয়েছিল ইউনাইটেড। ম্যাচের শুরুতেই একাডেমির খেলোয়াড় শিয়া লেসি নিজের প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই গোল করেন। গোলের পর ক্লাবের ব্যাজে চুমু দিয়ে উদযাপন করেন তিনি।
১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসন মাউন্ট। তখন মনে হচ্ছিল, সহজ জয়ই পেতে যাচ্ছে স্বাগতিকরা। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারাতে শুরু করে ইউনাইটেড।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে চারালামপোস কোস্তুলাসের গোলে ব্যবধান কমায় ব্রাইটন। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সফরকারীরা। তাদের একের পর এক আক্রমণের সামনে কার্যকর কোনো জবাব খুঁজে পায়নি ক্যারিকের দল।
এরপর পাসকাল গ্রস ঠান্ডা মাথায় গোল করে ব্রাইটনকে সমতায় ফেরান। ম্যাচের শেষদিকে বদলি খেলোয়াড় ম্যাক্সিম দে কুইপার গোল করে সফরকারীদের ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।
ব্রাইটনের তৃতীয় গোলের পরই ওল্ড ট্র্যাফোর্ডজুড়ে শুরু হয় তীব্র দুয়ো। শেষ বাঁশির পর সমর্থকদের ক্ষোভ আরও বেড়ে যায়।
একের পর এক ব্যর্থতায় ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকের ওপরও চাপ বাড়ছে। প্রিমিয়ার লিগে চার ম্যাচে একটি জয় ও একটি ড্র নিয়ে পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে রয়েছে তার দল। এর তিন দিন আগে ১০ জনের ম্যানচেস্টার সিটির কাছে বিতর্কিত ও হতাশাজনক হারের পর এবার ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষেও হারের মুখ দেখল রেড ডেভিলরা।
গত মৌসুমে গ্রিমসবির কাছে হারের পর এবারও কারাবাও কাপে বিব্রতকর বিদায় নিতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে।
ভোরের আকাশ/সু.পা